সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে মন্দির থেকে চুরি যাওয়া কালীপ্রতিমার গয়না উদ্ধার করল পুলিস। মঙ্গলবার জলঙ্গির সাহেবরামপুর থেকে দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই গয়না উদ্ধার করে। তাদের কাছে থেকে চুরি যাওয়া প্রায় এক ভরি সোনার অলঙ্কার ও একটি রুপোর হার উদ্ধার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২২ডিসেম্বর রাতে জলঙ্গির সাহেবরামপুর শ্মশানের কালী মন্দিরে তালা ভেঙে চুরি হয়। মন্দিরের তালা ভেঙে কালী প্রতিমার বিভিন্ন অলঙ্কার চুরি করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। পরদিন সকালে জলঙ্গি থানায় চুরির অভিযোগ দায়ের করে মন্দির কর্তৃপক্ষ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিস। বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। মঙ্গলবার রাতে সাহেবরামপুর থেকে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি জায়গা থেকে ওই অলঙ্কারগুলি উদ্ধার করা হয়।



