সংবাদদাতা, ডোমকল: জলঙ্গির সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে দশ শয্যার নতুন পুরুষ বিভাগ চালু হল। মঙ্গলবার ওই বিভাগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক। সঙ্গে উপস্থিত ছিলেন জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম ,বিডিও জলঙ্গি সুব্রত মল্লিক , জলঙ্গির বিএমওএইচ ওয়াসিম রেজা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনার সময়ে হাসপাতালের পুরানো বিল্ডিংয়ের কাছেই একটি ঝা চকচকে ২০ শয্যার কোভিড ওয়ার্ড তৈরি হয়েছিল। পরবর্তীতে করোনার প্রকোপ কমে যাওয়ায় তা আর চালু করা হয়নি। এদিকে দীর্ঘদিনের পুরানো বিল্ডিংয়ে থাকতে পুরুষ বিভাগের রোগীরা সমস্যায় পড়ছিলেন। এরপরই হাসপাতালের তরফে পুরুষ রোগীদের নতুন বিভাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার ফিতে কেটে ওই দশ শয্যার ওয়ার্ডটির উদ্বোধন করা হয়। পাশপাশি খুব শীঘ্রই পুরোনো বিভাগ সংস্কারের কাজ শুরু হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।



