Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গি সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের চেষ্টা, রুখল বিএসএফ

জলঙ্গি সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের চেষ্টা, রুখল বিএসএফ
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: গ্রামের প্রবেশদ্বার ছেড়ে জিরো পয়েন্টে সরে গিয়েছে বিএসএফ। আর সেই সুযোগে জলঙ্গি সীমান্তে বাড়ছে পাচারকারীদের দৌরাত্ম্য। শীতের ঘন কুয়াশাকে ঢাল করে খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে গোরু, মোষ পাচারের চেষ্টা চলছে। মোটা টাকা রোজগারের নেশায় ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে পাচারকারীরা। বিএসএফ ধাওয়া করলেও পিছপা হচ্ছে না দুষ্কৃতীরা। পাচারকারীদের বাগে আনতে বাধ্য হয়ে বিএসএফকে মাঝেমধ্যে শূন্যে গুলি পর্যন্ত চালাতে হচ্ছে। সোমবার রাতেও জলঙ্গির চরভদ্রা বিওপি ক্যাম্প এলাকার সীমান্ত দিয়ে ওপার বাংলায় গোরু ও মোষ পাচারের চেষ্টা চালিয়েছিল পাচারকারীরা। বিএসএফ বাধা দিলেও বেপরোয়া হয়ে ফের এগতে থাকে সীমান্তের দিকে। শেষে বিএসএফ পাচারকারীদের ঠেকাতে গ্রেনেড ও গুলি ছোড়ে। গুলি চালাতেই কুয়াশার আড়ালে লুকিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে তাদের ফেলে যাওয়া দু’টি গোরু ও দু’টি মোষ উদ্ধার করে বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটেলিয়নের চরভদ্রা ক্যাম্পের জওয়ানরা। বিএসএফের তৎপরতায় পাচারে খানিকটা বাধা দেওয়া গেলেও এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন সীমান্তের বাসিন্দারা। গভীর রাতে গুলির শব্দে রীতিমতো আতঙ্ক ছড়ায়।
Advertisement
প্রসঙ্গত, এতদিন জলঙ্গির চর পরাশপুর ও উদয়নগরখণ্ড কলোনির প্রবেশদ্বারে পাহারা দিত বিএসএফ। চরে যাতায়াত থেকে গবাদি পশু নিয়ে যাওয়া সবকিছুই নিজেদের নিয়ন্ত্রণে রাখত বিএসএফ। সম্প্রতি ওপরমহলের নির্দেশে গ্রামের প্রবেশদ্বার ছেড়ে জিরো পয়েন্টে সরে গিয়েছে বিএসএফ। আর এই সুযোগে রাতের অন্ধকারে ঘন কুয়াশার আড়ালে অনায়াসে গ্রামের শেষ মাথায় গোরু-মোষ নিয়ে যাচ্ছে পাচারকারীরা। এরপরে সুযোগ বুঝেই জিরো পয়েন্ট পার করে ওপারে সেগুলিকে পাচারের চেষ্টা করছে তারা। সোমবার রাতেও ঠিক একই ভাবে জলঙ্গির চরভদ্রা বিএসএফ ক্যাম্প এলাকা দিয়ে গোরু ও মোষ নিয়ে জড়ো হয়েছিল পাচারকারীরা। কিন্তু বিএসএফ শূন্যে গুলি ও গ্রেনেড ছোড়ায় পাচারকারীরা প্রাণভয়ে গবাদি পশুগুলিকে রেখে চম্পট দেয়। বিএসএফের এক আধিকারিক বলেন, শীত নামতেই কুয়াশার সুযোগ নিয়ে ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে পাচারকারীরা। তবে যাই হোক না কেন, সীমান্তে চোরাচালান আটকাতে আমরা তৎপর। 
সম্পর্কিত সংবাদ