Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলাধার অকেজো, সমস্যায় রোগী ও পরিজনরা

জলাধার অকেজো, সমস্যায় রোগী ও পরিজনরা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: রোগীদের সুবিধার জন্য এক দশকেরও বেশি আগে হাসপাতাল প্রাঙ্গণে বসেছিল পানীয় জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক আজ অকেজো, পড়ে না জল। সমস্যায় পড়েছেন এগরা মহকুমা হাসপাতালের রোগী ও তাঁদের বাড়ির লোকজন। জলের অভাবে রোগীরা কষ্ট পেলেও হাসপাতাল কর্তৃপক্ষের হেলদোল নেই বলে অভিযোগ রোগী ও তাঁদের বাড়ির লোকজনের। দোকানের বোতলবন্দি জলই তাঁদের ভরসা। অনেকদিন ধরেই এই অব্যবস্থা চলছে। অবিলম্বে পানীয় জলের জলাধারটি মেরামতের দাবি তুলেছেন রোগীর পরিজনরা। উল্লেখ্য, এগরা মহকুমা হাসপাতালের উপর এগরা ও পার্শ্ববর্তী পটাশপুর বিধানসভা এলাকার মানুষ নির্ভরশীল। পাশেই রয়েছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল। তবে প্রসূতি বিভাগ সহ কিছু বিভাগ পুরনো মহকুমা হাসপাতালেই চলে। এগরার বাসিন্দা এক রোগীর আত্মীয় সন্ধ্যা শ্যামল বলেন, গোটা হাসপাতাল ঘুরে কোথাও পানীয় জল পাইনি। বাধ্য হয়ে বাইরের দোকান থেকে জলের বোতল কিনে দিতে হল। প্রায় সব রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ একই। হাসপাতালের সুপার সমীর আচার্যের ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়ক বলেন, এটা হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়। তবে বিষয়টি আমাদের জানালে নিশ্চয়ই পুরসভার পক্ষ থেকে কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় বলেন, বিষয়টি জানা নেই। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সবকিছু জানার চেষ্টা করছি। সেরকম হলে দ্রুত পদক্ষেপ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ