সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার রাতে নাগরাকাটার জলঢাকা নদীতে পিকনিক স্পটে অস্থায়ী ভাবে গড়ে তোলা শৌচালয়, বসার জায়গা সহ বিভিন্ন পরিকাঠামো ভেঙে দেওয়ার অভিযোগ উঠল সুখানিবস্তির এক পঞ্চায়েত সদস্য ও তাঁর দলবলের বিরুদ্ধে। যদিও ওই পঞ্চায়েত সদস্য অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য, বুধবার বিপতা ওরাওঁ নামে ওই পঞ্চায়েত সদস্য ও তাঁর দলবল জলঢাকা রেলসেতুর কাছে পিকনিক করতে আসেন। সেই সময় নাগরাকাটা ঢোংখোলা পিকনিক কমিটির সঙ্গে স্পটে প্রবেশ করার টিকিট নিয়ে বাদানুবাদ হয়। সেই সময় তা মিটেও যায়। কিন্তু অভিযোগ, রাত নেমে আসতেই পঞ্চায়েত সদস্য সহ তায়র দলবল নিয়ে পিকনিক স্পটে ভাঙচুর চালান। নাগরাকাটা ঢোংখোলা পিকনিক কমিটির সভাপতি রুশনা গোয়ালা বলেন, পঞ্চায়েত সদস্য বিপতা ওরাওঁ সহ তাঁর দলবল পিকনিক স্পটে ভাঙচুর চালিয়েছে। এনিয়ে আমরা থানায় অভিযোগ জানাব। পঞ্চায়েত সদস্য বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। ওরা আমাদের কাছে টিকিট চায়। এনিয়ে তাদের সঙ্গে ঝামেলা হয়। তা মিটেও যায়। আমরা কিছু ভাঙচুর করিনি।



