Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলবন্দি বাবার অভিযোগে অপহৃত নাবালিকা উদ্ধার

জেলবন্দি বাবার অভিযোগে অপহৃত নাবালিকা উদ্ধার
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেলবন্দি বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর নাবালিকা মেয়েকে উদ্ধার করল ভগবানপুর থানার পুলিস। পাশাপাশি অপহরণকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সদয় প্রামাণিক। তার বাড়ি ভগবানপুরের আন্দুলিয়াবাড় এলাকায়। শুক্রবার ধৃত যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করার পর তাকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে একটি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় ভগবানপুরের বাসিন্দা সৌরভ মেটিয়ার। বছর দেড়েক ধরে সে মেদিনীপুর সংশোধনাগারে রয়েছে। তার স্ত্রীও মারা গিয়েছে। তার দুই নাবালিকা মেয়ে মামারবাড়িতে ছিল। গত ডিসেম্বর মাসে অভিযুক্ত সদয় তার ছোট মেয়েকে অপহরণ করে বিয়ে করে। সদয় বিবাহিত। গত ২০ ডিসেম্বর আত্মীয়দের মাধ্যমে ছোট মেয়ের বিয়ের কথা পারে সৌরভ। জেল সুপারের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস সুপার ও জেলা শিশুসুরক্ষা দপ্তরে অভিযোগ জানায় সৌরভ। 
জেলা পুলিস সুপারের নির্দেশে ভগবানপুর থানার পুলিস মামলা রুজু করে তদন্তে নামে। ওসি শাহেনশা হক বলেন, বৃহস্পতিবার ওই নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ