Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় টার্গেট ২ লক্ষ, আগ্রহ নেই মানুষের, সদস্য সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় বিজেপি

জেলায় টার্গেট ২ লক্ষ, আগ্রহ নেই মানুষের, সদস্য সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় বিজেপি
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: বীরভূমে বিজেপির সদস্য সংগ্ৰহ অভিযানে সেভাবে সাড়া মিলছে না। ফলে দলের শীর্ষ নেতা অমিত শাহের বেঁধে দেওয়া টার্গেট পূরণ নিয়ে চিন্তায় গেরুয়া শিবিরের নেতারা। আর মাত্র ১০দিন বাকি। অথচ লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছনো যায়নি। তাই টার্গেট পূরণ হবে না ধরে নিয়ে এখন থেকেই তৃণমূলের ঘাড়ে দায় চাপাতে মরিয়া স্থানীয় নেতৃত্ব। তাদের অভিযোগ, সদস্য সংগ্রহ যাতে না হয় তারজন্য বিভিন্ন জায়গায় তৃণমূলীরা হুমকি দিচ্ছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
Advertisement
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি লিখেছেন, ‘টার্গেট পূরণ করার তাগিদে বঙ্গ বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা কোলা ব্যাঙের নির্দেশে নেতারা ৫-৬টি করে বিভিন্ন সিম কার্ড তুলছেন। হায়রে ঢপের সংগঠন’।
উল্লেখ্য, গত ২৭অক্টোবর কলকাতায় দলীয় সম্মেলনের মধ্য দিয়ে নভেম্বর মাস ব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন শাহ। বীরভূমকে টার্গেট দেওয়া হয় দু’লক্ষ থেকে দু’লক্ষ ২০ হাজার সদস্য সংগ্রহের। নভেম্বর মাস ধরে এই সদস্যতা অভিযান চলবে। তাই জেলাজুড়ে সদস্য সংগ্রহে কোমর বেঁধে নেমে পড়েন বিজেপি নেতারা। বিভিন্ন শাখা সংগঠনের রাজ্য নেতৃত্বও এলাকায় ঘুরে ঘুরে সদস্য সংগ্রহ করে। গতি বাড়াতে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে প্যান্ডেল করে সদস্য সংগ্রহে নেমেছেন নেতারা। যদিও নেতা-কর্মীদের উপস্থিতি কম থাকায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তাঁরা চিন্তিত। 
পথচলতি লোকজনকে ধরে মোবাইল থেকে নির্দিষ্ট নম্বরে মিস কল দিলেই সদস্যতা লাভ করবেন বলে বোঝানো হচ্ছে। কিন্তু, অনেকেই অনীহা দেখিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। খুব কম লোকই মিস কল দিচ্ছেন। বাড়ি বাড়ি অভিযানেও নেমেছেন দলের  নেতারা। কিন্তু, সেভাবে যে সাড়া পড়ছে না তা দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্যেই প্রকাশ। বুধবার নলহাটি এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত বীরভূম জেলায় ৩১ হাজার ৭০০ জন বিজেপির সদস্য হয়েছেন। তাঁর দাবি, তৃণমূলের অত্যাচার, অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লক্ষ লক্ষ মানুষ স্বতফূর্তভাবে বিজেপির সদস্য হচ্ছেন। লক্ষ্য পূরণ হবে। তবে টার্গেট পূরণ যে অসম্ভব তা মানছেন দলের বীরভূম সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল। তিনি বলেন, দেশজুড়ে অনেক আগে থেকে এই অভিযান শুরু হয়েছে। আর এরাজ্যে চলতি মাসের মধ্যে টার্গেট পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। তাই মুশকিল আছে। পাশাপাশি তিনি অবশ্য বলেন, বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহ যাতে না হয়, সেই জন্য তৃণমূলীরা হুমকি দিচ্ছে। 
পাল্টা তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, এতদিন নির্বাচনের সময় বলত তৃণমূল ভয় দেখাচ্ছে। এখন বলছে সদস্য সংগ্রহেও হুমকি দিচ্ছে তৃণমূল। আসলে বিগত নির্বাচন থেকেই মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। সেটাই তাদের সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে।
বিজেপির জেলা কমিটির আমন্ত্রিত সদস্য মুকুল মুখোপাধ্যায় বলেন, কী করে টার্গেট পূরণ হবে? জেলার নেতারা কার্যকর্তাদের সঙ্গেই যোগাযোগ রাখেন না। হিটলারি মনোভাব। পুরনো কার্যকর্তারা নিষ্ক্রিয় হয়ে রয়েছেন।
সম্পর্কিত সংবাদ