Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় তিন মাসে পাঁচ হাজার বিঘার বেশি গাঁজা গাছ নষ্ট পুলিসের

জেলায় তিন মাসে পাঁচ হাজার বিঘার বেশি গাঁজা গাছ নষ্ট পুলিসের
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকার বহু জায়গায় গাঁজা চাষের প্রবণতা দীর্ঘদিন ধরে রয়েছে। গত কয়েক বছর ধরে এই গাঁজা চাষ নষ্ট করতে তৎপর রয়েছে পুলিস। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত পুলিস মোট পাঁচ হাজার বিঘারও বেশি এলাকায় গাঁজা গাছ কেটে নষ্ট করেছে। জেলার ১৩টির মধ্যে নয়টি থানার বিভিন্ন গ্রামীণ এলাকায় অভিযান চালানো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় তা সত্ত্বেও সিতাই, দিনহাটা থানা, কোচবিহার কোতোয়ালি থানার বহু গ্রামীণ এলাকায় ঘুরলেই দেখা যায় বাড়ির আশপাশে দিব্যি গাঁজা গাছ বড় হচ্ছে। রীতিমতো কিচেন গার্ডেনের আদলে বাড়ির উঠোনে আশপাশের এলাকায় গাঁজা চাষ হচ্ছে।
Advertisement
এদিকে, কোচবিহার শহরে ব্রাউন সুগারের ব্যবহার ও বিক্রি বেড়েছে। মালদহ, মুর্শিদাবাদ সহ বেশকিছু এলাকা থেকে জেলায় এই ব্রাউন সুগার আসছে বলে পুলিসের কাছেও খবর রয়েছে। পুলিস নজরদারির পাশাপাশি অভিযানও চালাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এর উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। অসম সীমানা দিয়ে ইয়াবা ট্যাবলেট আসা রুখতেও নজরদারি চালানো হচ্ছে। জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গাঁজা গাছ নষ্ট করার জন্য ধারাবাহিক ভাবে অভিযান চালানো হচ্ছে। তিন মাসে পাঁচ হাজার বিঘার বেশি গাঁজা চাষ নষ্ট করা হয়েছে।
জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, জেলার ১৩টি থানার মধ্যে নয়টি থানায় গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। সেপ্টেম্বর মাসে ৯৯৪.৫ বিঘা, অক্টোবর মাসে দুই হাজার ৩৯০ বিঘা ও নভেম্বর মাসের ২৪ তারিখ পর্যন্ত এক হাজার ৮৩২ বিঘা ২৪ কাঠা জমির গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। দেখা যাচ্ছে রায়তি জমিতে গাঁজা চাষের প্রবণতা বেড়েছে। এধরনের প্রবণতা আটকাতে ১০টা মামলা দায়ের করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ