Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় ২৩টি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণি চালু

জেলায় ২৩টি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণি চালু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: বৃহস্পতিবার থেকে শুরু হল নতুন শিক্ষাবর্ষ। নয়া শিক্ষাবর্ষের প্রথম দিনে কোচবিহার জেলায় ২৩টি প্রাথমিক স্কুলে নতুন করে পঞ্চম শ্রেণি চালু হল। এদিন থেকে ছাত্রছাত্রী ভর্তিও শুরু হয়েছে। এদিন প্রতিটি স্কুলের তরফে ছাত্রছাত্রীদের হাতে নতুন শিক্ষাবর্ষের জন্য নয়া বই তুলে দেওয়া হল। 
Advertisement
কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় ১৮৫৩টি। তারমধ্যে শতাধিক স্কুলে পঞ্চম শ্রেণি চালু রয়েছে। সম্প্রতি নতুন করে শিক্ষাদপ্তর আরও ২৫টি স্কুলে পঞ্চম শ্রেণি চালুর সিদ্ধান্ত নিয়েছিল। তারমধ্যে ২৩টি স্কুলে এদিন থেকেই পঞ্চম শ্রেণি চালু হল। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা বলেন, বুক ডে পালনের পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকে জেলার ২৩টি স্কুলে নতুন করে পঞ্চম শ্রেণি চালু হল। এতে শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে। 
গোটা জেলার সঙ্গে মেখলিগঞ্জ ব্লকে দু’টি প্রাথমিক স্কুলে এদিন থেকে পঞ্চম শ্রেণি চালু হয়েছে। তারমধ্যে একটি স্কুল হল ৭৭ নিজতরফের ধনিরবাড়ির ভোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে পড়ুয়া ২৬২ জন। তারমধ্যে ৫৬ জন চতুর্থ শ্রেণিতে পড়ত। এদিন সকলেই নিজের স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছে। এছাড়াও বাইরে থেকে ভর্তি হয়েছে ১২ জন পড়ুয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন্ময় রায় জানিয়েছেন, এদিন পুরনো শ্রেণিকক্ষে পঞ্চম শ্রেণি চালু করা হয়েছে। 
পঞ্চম শ্রেণি চালুর পাশাপাশি শিক্ষাদপ্তরের উদ্যোগে কোচবিহার জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১১০৬টি স্কুলে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের প্রতিটি শূন্যপদেই নিয়োগের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ