সংবাদদাতা, মেদিনীপুর: ১৩ বছর হল ক্ষমতায় নেই দল। দুর্বল হয়েছে সংগঠন। আর্থিক অবস্থাও ভালো নেই। মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ। কৌটো নাড়িয়েও আর সেভাবে অর্থ পাওয়া যায় না। সরকারে থাকাকালীন ভয়ে ভক্তিতে যাঁরা পার্টিকে আর্থিক সাহায্য করতেন তাঁরা এখন অনেকেই ঘুরেও তাকান না। তাই এবার পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের খরচ তুলতে সদস্য ও পার্টি দরদিদের বাড়িতে ভাঁড় রেখে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। আগামী ১২ ও ১৩ জানুয়ারি খড়্গপুর শহরের অন্ধ্র হাইস্কুলে অনুষ্ঠিত হবে পার্টির ২৫ তম জেলা সম্মেলন। এই সম্মেলনের দায়িত্ব পড়েছে খড়্গপুরের নেতা ও কর্মীদের উপর। এখন আর ১৩ বছর আগের সম্মেলনের সেই জাঁকজমক দেখা যাবে না বলে মানছেন দলের কর্মীরা। তবে, দু’দিনের খরচ কীভাবে উঠে আসবে তাই এখন দলের কাছে বড় চিন্তার হয়ে দাঁড়িয়েছে। অভ্যর্থনা কমিটির সম্পাদক সবুজ ঘোড়াই বলেন, এটা নতুন কিছু নয়। আমাদের পার্টি চিরকালই গণঅর্থ সংগ্রহ করে আসছে। সম্মেলনের খরচ তুলেতে এবার তাই আমরা পার্টি সদস্য, সমর্থক ও পার্টি দরদিদের কাছ থেকে ভাঁড়ের সাহায্যে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, প্রত্যেকের বাড়িতে একটা করে প্লাস্টিকের ভাঁড় দেওয়া হচ্ছে। প্রতিদিন যাঁর যেমন সামর্থ টাকা-পয়সা জমাতে হবে। সেই টাকা জেলা সম্মেলনে খরচ করা হবে। তবে ভাঁড়ের সাহায্যে শুধুমাত্র খড়্গপুর শহর ও খড়্গপুর ১ ও ২ ব্লকের সাতটি এরিয়া কমিটি এই অর্থ সংগ্রহ করবে।



