Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা সভাপতির নির্দেশ অমান্য করেই সুজালিতে ধর্নায় বসে অঞ্চল তৃণমূল

জেলা সভাপতির নির্দেশ অমান্য করেই সুজালিতে ধর্নায় বসে অঞ্চল তৃণমূল
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: সুজালির অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অনির্দিষ্টকালের ধর্না প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি। তবে জেলা সভাপতির সেই নির্দেশকে আমলই দিচ্ছে না স্থানীয় নেতৃত্ব। অঞ্চল নেতৃত্বের দাবি, দল থেকে বহিষ্কৃত প্রধান পদ থেকে অপসারিত না হওয়া পর্যন্ত ধর্না চলবে। 
Advertisement
উল্লেখ্য, কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি এখনও প্রধান পদে বহাল আছেন। এবার নুরি বেগমকে ওই পদ থেকে অপসারণের দাবিতে তৃণমূলের সুজালি অঞ্চল কমিটি এক সপ্তাহ ধরে ধর্না চালিয়ে যাচ্ছে। এর আগে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিডিওর কাছে প্রধানকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
নুরি বেগম তাঁর অনুগামী পঞ্চায়েত সদস্যদের নিয়ে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ছত্রছায়ায় আশ্রয় নেন। হামিদুল সাহেবও প্রধানের পক্ষে কথা বলেন। এতে সুজালিতে তৃণমূলের দু’টি গোষ্ঠী তৈরি হয়েছে। বিধায়ক অনুগামীদের একটি গোষ্ঠী, অপরটি অঞ্চল তৃণমূল নেতৃত্বের। এর ফলে এলাকার রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে রয়েছে। অশান্তির আশঙ্কা করছে বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে জেলা নেতৃত্বের ভূমিকা নিয়ে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। যাঁরা ধর্নায় বসে আছেন তাঁদের একটি প্রতিনিধি দলকে ডেকে  অভিযোগ ও দাবি শুনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রধানকে অপসারণ করা যায় কি না তা জেলাশাসককে দেখতে বলেছি। পাশাপাশি ব্লক নেতৃত্বকে বলেছি যাতে ধর্না তুলে নেওয়া হয়।
প্রধানের অপসারণের দাবিতে শুক্রবারও সুজালি পঞ্চায়েত অফিসের সামনের রাস্তার ধর্না চলছে। গত শুক্রবার এই ধর্না শুরু হয়েছে। সুজালির তৃণমূল নেতা তথা ব্লক কমিটির সহ সভাপতি কামাল উদ্দিন বলেন, জেলা নেতৃত্ব আমাদের ধর্না তুলে নিতে বলেছিল। কিন্তু প্রধানের বিরুদ্ধে সুজালিতে জনরোষ তৈরি হয়েছে। বাসিন্দারা নিজেরাই ধর্না মঞ্চে বসে থাকছেন। প্রধানের পদ থেকে অপসারণ না হওয়া পর্যন্ত ধর্না চলবে। প্রধান নুরি বেগম ফের বলেন, অধিকাংশ পঞ্চায়েত সদস্য আমার পক্ষে আছেন। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা প্রমাণ করুক। 
সম্পর্কিত সংবাদ