Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা পরিষদের হিসেবরক্ষকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা হাতানোর চেষ্টা অপরাধীদের

জেলা পরিষদের হিসেবরক্ষকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা হাতানোর চেষ্টা অপরাধীদের
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: জেলা পরিষদের হিসেবরক্ষকের মোবাইল নম্বর হ্যাক করে সরকারি তহবিলের টাকা হাতানোর চেষ্টা চালাল সাইবার অপরাধীরা। ওই নম্বর থেকে জেলা পরিষদের অ্যাকাউন্ট থাকা একাধিক ব্যাঙ্কের ম্যানেজারকে ফোন করে ফান্ড ট্রান্সফার করতে বলা হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ জেলা পরিষদের নজরে আনে। তারপরই তমলুক সাইবার ক্রাইম থানায় এফআইআর করেছেন হিসেবরক্ষক প্রণবকুমার সামন্ত। জানা গিয়েছে, গত ১৬ডিসেম্বর জেলা পরিষদের ওই হিসেবরক্ষকের সরকারি মোবাইল ফোন নম্বরটি হ্যাক করা হয়। এরপর প্রণববাবু বিষয়টি নিয়ে বিএসএনএল কর্তৃপক্ষের নজরে আনেন। তাঁকে এফআইআর করার পরামর্শ দেওয়া হয়। সেইমতো জেলা পরিষদের হিসেবরক্ষক এফআইআর করেন। ১৯ডিসেম্বর একই নম্বরে তিনি ডুপ্লিকেট সিমকার্ড সংগ্রহ করেন। এরপরই জানতে পারেন, হ্যাক হওয়ার পরই ওই নম্বর থেকে বারবার ব্যাঙ্কে ফোন করে ফান্ড ট্রান্সফারের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে দ্বিতীয়বার তমলুক সাইবার ক্রাইম থানায় এফআইআর করেন। এর আগে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে সাইবার অপরাধীরা ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে সরকারি লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় ২৫৩জন একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ার ট্যাব কেনার টাকা আত্মসাত হয়। রাজ্য‌ সরকার দ্বিতীয়বার ওইসব পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা পাঠায়। এবার জেলা পরিষদের ফান্ডের টাকা হাতানোর জন্য হিসেবরক্ষকের মোবা‌ইল নম্বর হ্যাক করে নিল সাইবার অপরাধীরা। যদিও জেলা পরিষদের ফান্ড সুরক্ষিত রয়েছে বলে প্রণববাবু জানিয়েছেন। সাইবার ক্রাইম থানার আইসি দেবাশিস ঘোষ বলেন, জেলা পরিষদের হিসেবরক্ষক অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ