নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জল প্রকল্পের রড চুরির অভিযোগে সোমবার রাতে কর্মরত এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করল বেলিয়াতোড় থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শেখ তাহিদুল। বাড়ি ছাতনা থানার বনগ্রামে। মঙ্গলবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এক পুলিস আধিকারিক বলেন, বেলিয়াতোড় থানার দধিমুখা এলাকায় জলজীবন মিশন প্রকল্পের কাজ চলছে। সেখানে তাহিদুল রাজমিস্ত্রি হিসেবে কাজ করত। প্রকল্প এলাকা থেকে সে মোট ৫৪টি রড চুরি করে বলে সংশ্লিষ্ট ঠিকাদার থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে আমরা তাহিদুলকে গ্রেপ্তার করি। ধৃতকে জেরা করে চুরি যাওয়া ৩২টি রড উদ্ধার করা গিয়েছে। বাকিগুলি উদ্ধারের জন্য ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।



