Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় ফাইলেরিয়া প্রতিষেধক কর্মসূচি শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি  

জেলায় ফাইলেরিয়া প্রতিষেধক কর্মসূচি শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে আলিপুরদুয়ারে স্বাস্থ্যদপ্তরের ফাইলেরিয়া প্রতিষেধক কর্মসূচি শুরু হচ্ছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার জেলার ছ’টি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকে সাড়ে ১২ লক্ষ মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হবে। মাদারিহাট, ফালাকাটা, আলিপুরদুয়ার-১, কালচিনি ও কুমারগ্রাম জেলার এই পাঁচটি ব্লকে স্বাস্থ্যদপ্তরের এই কর্মসূচি হবে। ১০ ফেব্রুয়ারি শহরের মিউনিসিপ্যাল হলে এই কর্মসূচির উদ্বোধন হবে। সেখানে জেলাশাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন। পরে ব্লকগুলিতেও এই কর্মসূচি শুরু হবে।
Advertisement
জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুপ্রিয় চৌধুরী বলেন, দু’বছরের নীচে থাকা শিশুদের ও গর্ভবতী মায়েদের ফাইলেরিয়ার ওষুধ খাওয়ান হবে না। এছাড়া প্রত্যেক মানুষকে ফাইলেরিয়া প্রতিষেধক দেওয়া হবে। জেলা স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, প্রথম পর্যায়ে ১০-১৯ ফেব্রুয়ারি প্রতিটি সরকারি অফিস, হাসপাতাল ও স্কুল-কলেজে এই কর্মসূচি চলবে। দ্বিতীয় পর্যায়ে ২০-২৮ ফেব্রুয়ারি পাঁচটি ব্লকের বাড়ি বাড়ি গিয়ে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ান হবে। ফাইলেরিয়া প্রতিষেধক দু’টি করে ট্যাবলেট খাওয়ান হবে প্রত্যেক মানুষকে। ফাইলেরিয়া চিহ্নিতকরণের জন্য রাতে রক্তের নমুনা সংগ্রহের কাজ করতে হয়। কারণ ফাইলেরিয়ার বাহক মশা সক্রিয় হয় রাতেই। ঙফাইলেরিয়া চিহ্নিতকরণের জন্য গত বছর জেলার ছ’টি ব্লকে রাতে ৬০০ জন করে মানুষের রক্তের নমুনা সংগ্রহ করেছিল স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সংগৃহীত রক্তের সেই নমুনা পরীক্ষার পর দেখা যায় শুধুমাত্র আলিপুরদুয়ার-২ ব্লকে ফাইলেরিয়ার আধিক্য এক শতাংশেরও নীচে। সেই জন্যই আলিপুরদুয়ার-২ ব্লককে আসন্ন এই ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর কর্মসূচির তালিকা থেকে বাদ রাখা হয়েছে।            
সম্পর্কিত সংবাদ