সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ পুর এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছিল পুরসভা। মাঝে বন্ধ ছিল। বুধবার ফের রায়গঞ্জের খরমুজা ঘাট ও বন্দর ঘাটে এই প্রকল্পের সূচনা করে পুরসভা। মোট ২৭ টি ওয়ার্ডে ৩১ কোটি টাকা খরচে ৩৪ হাজার ৬৮০ টি বাড়িতে এই পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে ছিলেন রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার সহ ওয়ার্ড কো-অর্ডিনেটররা। পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রায়গঞ্জ পুরসভার ২৭ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হল। আমরা বিনামূল্যে এই পানীয় জল পৌঁছে দেব।



