Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকলেও মশার দাপটে আশঙ্কার মেঘ

জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকলেও মশার দাপটে আশঙ্কার মেঘ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: গত বছরের তুলনায় বীরভূমে ডেঙ্গুর প্রকোপ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। এবার বছরের প্রথম থেকেই ডেঙ্গু দমনে জেলা প্রশাসন, স্বাস্থ্যদপ্তর, জেলা পরিষদ এবং বিভিন্ন পুরসভা নানা পদক্ষেপ করেছে। ফলে নভেম্বর মাসের মাঝামাঝি অবধি জেলায় ডেঙ্গুর সংক্রমণ গতবারের তুলনায় কিছুটা কমই আছে। তবে সিউড়ি শহরের বেশকিছু ওয়ার্ডে সম্প্রতি মশার উৎপাত খুব বেড়েছে। সেজন্য শহরের বাসিন্দারা ফের ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় রয়েছেন। তাঁরা মশা দমনের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে স্প্রে করার দাবি তুলেছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, সংক্রমণ এবার অনেকখানি নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এবছর জানুয়ারি মাস থেকে ৭ নভেম্বর অবধি বীরভূমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪১৮। আক্রান্তরা প্রায় সবাই সুস্থ হয়েছেন। গত বছর ডিসেম্বর অবধি এই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫৯৯। তাই এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে একটু স্বস্তিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর।
Advertisement
সম্পর্কিত সংবাদ