সংবাদদাতা, করণদিঘি: দলিল জাল করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল মাফিয়াদের বিরুদ্ধে। লাহুতাড়া-১ গ্ৰাম পঞ্চায়েতের সাবধান গ্ৰামের বাসিন্দা সেখ উজির হক করণদিঘি থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উজিরের দাবি, সাবধান মৌজার ৩০ শতক জমির জাল দলিল বানিয়ে দখল করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। এই কাজ করতে আটজনের একটি দল পরিকল্পনা করেছিল। তাঁর বাবার মৃত্যুর পর জমির ভাগ হয়েছে। সেখানেই বাস করছেন পরিবার নিয়ে। ২০২২ সালে জাল দলিল বানিয়ে সেই জমি মাফিয়ারা নিজেদের নামে করে নেয়। কিছুদিন আগে অ্যাপে জমির দাগ নম্বর দিয়ে সার্চ করতে গিয়ে চোখ কপালে ওঠে উজিরের। তিনি জানতে পারেন জমির মালিকানা বদল হয়ে গিয়েছে। ভূমি দপ্তরে গেলে উজিরকে বলা হয় সাবধান এলাকার এক বাসিন্দা নিজের নামে সেই জমির দলিল এবং খতিয়ান বানিয়েছেন। এরপর ওই ব্যক্তির কাছে গিয়েছিলেন উজির। তিনি জানতে চান মালিকানা বদল হল কীভাবে। ওই ব্যক্তি তখন জানান তিনি জমি কিনেছেন। জালিয়াতির বিষয়টি পঞ্চায়েত অফিসে লিখিত জানানোর পর মাফিয়ারা উজিরকে প্রাণে মারার হুমকি দিয়েছিল বলে অভিযোগ। তারপরেই উজির করণদিঘি থানায় লিখিত অভিযোগ করেন। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement
স্থানীয় এক বাসিন্দার দাবি, দীর্ঘদিন মাফিয়াদের একটি দলের দৌরাত্ম্য বেড়েছে এলাকায়। তারা নাগর নদী থেকে মাটি ও বালি পাচার করে। এছাড়া জাল দলিল তৈরি করেও জমি হাতিয়ে নেওয়ার কারবার ফেঁদেছে তারা।
করণদিঘি ভুমি দপ্তরের আধিকারিক সুমিত ভট্টাচার্য বলেন, জাল দলিল তৈরির বিষয়টি শুনেছি। থানায় অভিযোগ হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে অভিযুক্তরা। অন্যতম এক অভিযুক্ত বলেন, চক্রান্ত করে মিথা মামলায় ফাঁসানো হয়েছে আমাদের।
করণদিঘি ভুমি দপ্তরের আধিকারিক সুমিত ভট্টাচার্য বলেন, জাল দলিল তৈরির বিষয়টি শুনেছি। থানায় অভিযোগ হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে অভিযুক্তরা। অন্যতম এক অভিযুক্ত বলেন, চক্রান্ত করে মিথা মামলায় ফাঁসানো হয়েছে আমাদের।



