সংবাদদাতা, শীতলকুচি: মামার বাড়িতে ঘুরতে এসে পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। সোমবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট পঞ্চায়েতের খেংচি কাছারিঘাটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম ঘণ্টু রায় (১২)। গত শনিবার শিলিগুড়ি থেকে শীতলকুচির কাছারিঘাটে মামার বাড়িতে আসে ওই কিশোর। এদিন দুপুরে এক কিশোরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে মাছ ধরতে যায়। পুকুরে নামলে তলিয়ে যায় সে। চিৎকার শুনে স্থানীয়রা এসে পুকুর থেকে তার দেহটি উদ্ধার করেন। মৃতের মামি স্বপ্না রায় বলেন, বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে ঘণ্টু ডুবে যায়। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



