সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়িতে অভিনব কায়দায় জল চুরি। তা রুখতে মাঠে নামল ধূপগুড়ি পুরসভা। পুরসভার পানীয় জলের পাইপ লাইনের সঙ্গে মটর সংযোগ করে সেই জল বাড়ির ছাদের ট্যাঙ্কে জমা করা হচ্ছে। এই অবৈধ সংযোগের ফলে মেইন পাইপ লাইনে জলের গতি কমে যাচ্ছে। অন্যান্য এলাকায় উপভোক্তারা জল পাচ্ছেন না। এই বিষয়ে একাধিকবার পুরসভার কাছে অভিযোগ এসেছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বুধবার পুলিসকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন পুরসভার কর্তারা। অভিযানে গিয়ে ১০ এবং ১১ নম্বর ওয়ার্ডে জল চুরি ধরা পড়ে। অবৈধভাবে জল চুরির অভিযোগে বেশ কয়েকজনকে নোটিস দেয় পুরসভা। পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করে পাম্পগুলি বাজেয়াপ্ত করা হয়। পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, জল চুরির বিরুদ্ধে এই অভিযান লাগাতে চলবে।



