Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা বইমেলা নিয়ে সিদ্ধান্ত ঝুলে, জেলাশাসককে দায়িত্ব

জেলা বইমেলা নিয়ে সিদ্ধান্ত ঝুলে, জেলাশাসককে দায়িত্ব
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: পাঠকদের দাবিকে মান্যতা দিয়ে এবার জেলা বইমেলা কি ঘাটালেই হতে চলেছে? জেলা প্রশাসন সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। কারণ, মেদিনীপুর শহরে জেলা বইমেলা করার বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেয়নি জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে ফের চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেন, এবার জেলা বইমেলা মেদিনীপুর শহরে হওয়ার কথা হয়েছিল। ঘাটালে জেলা বইমেলা হবে না শুনে মহকুমার মানুষজন অত্যন্ত ক্ষুব্ধ। কোথায় মেলা হবে তা নিয়ে চলতি সপ্তাহে জেলায় বৈঠক হয়েছিল। মেদিনীপুরে বইমেলা হবে কিনা সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। কোথায় জেলা বইমেলা হবে তা ঠিক করার জন্য জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাশাসক খুরশিদ আলি কাদেরি বলেন, কোথায় জেলা বইমেলা হবে এখনও ঠিক করা হয়নি। দু’-একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।
Advertisement
প্রত্যেক মহকুমায় ঘুরিয়ে ফিরিয়ে জেলা বইমেলা আয়োজন করা হয়। যখন জেলায় আটটি মহকুমা ছিল তখন সাত বছর অন্তর এক-একটি মহকুমায় জেলা বইমেলা হতো। বর্তমানে জেলায় তিনটি মহকুমা। ২০২১সালে ঘাটাল মহকুমার দাসপুরে জেলা বইমেলা হয়েছিল। এবার তাই ফের ঘাটাল মহকুমায় জেলা বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু   বন্যার কারণ দেখিয়ে মেদিনীপুর শহরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বইমেলা সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে হয়। ওইসময় বন্যার কোনও সম্ভাবনা নেই বলে দাবি তুলে জেলা সদরে বইমেলা স্থানান্তরিত করার সিদ্ধান্তের বিরোধিতা করে ঘাটাল মহকুমাজুড়ে আন্দোলনও শুরু করেন বইপ্রেমী, কবি, সাহিত্যিকরা। ঘাটালে বইমেলা না হলে ধারাবাহিক আন্দোলন হবে বলে জানান তাঁরা। মহকুমার বাসিন্দাদের অভিযোগ, জেলা শহরে মেলা হলে কর্তৃপক্ষের পরিশ্রম ও পরিচালনার জটিলতা কম হবে। তাই তারা এধরনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বইপ্রেমী এবং নতুন পাঠকদের কথা ভেবে মেলা ঘাটালেই হওয়া উচিত ছিল বলে অনেকের মত। ঘাটালের সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক অগ্রগতির জন্য জেলা বইমেলা এখানে হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও জেলা গ্রন্থাগার আধিকারিক শেখ মহম্মদ সহিদুল্লা বলেন, মেদিনীপুর শহরে বইমেলা হলে বই বিক্রিও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।
সম্পর্কিত সংবাদ