Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা বইমেলা ঘাটাল থেকে সরিয়ে মেদিনীপুর শহরে, ক্ষুব্ধ বইপ্রেমীরা

জেলা বইমেলা ঘাটাল থেকে সরিয়ে মেদিনীপুর শহরে, ক্ষুব্ধ বইপ্রেমীরা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমায় হচ্ছে না জেলা বইমেলা। তা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেদিনীপুর শহরে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঘাটাল মহকুমাজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বইপ্রেমী বাসিন্দা, বুদ্ধিজীবী, সাহিত্যপ্রেমী, সম্পাদক এবং প্রকাশকরা এই সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ। তাঁরা মনে করছেন, এর ফলে ঘাটালের মানুষের আবেগে আঘাত লেগেছে। জেলা বইমেলার আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা গ্রন্থাগ্রার বিভাগ। জেলা গ্রন্থাগার আধিকারিক শেখ মহম্মদ সহিদুল্লা বলেন, ‘মেলা আমার একার সিদ্ধান্তে হয় না। জেলার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এবার মেদিনীপুর শহরে বই মেলা করার সিদ্ধান্ত রয়েছে। ঘাটাল বন্যাপ্রবণ এলাকা বলে এবার ওখানে মেলা হচ্ছে না।’
Advertisement
ঘাটালের বাসিন্দারা প্রশাসনের এই যুক্তি মানতে নারাজ। তাঁরা যুক্তিটিকে হাস্যকর বলছেন। তাঁদের বক্তব্য, নভেম্বর মাসে বন্যার সম্ভাবনা থাকে না। সাধারণত শিলাবতী নদীর পূর্ব পাড়ের ঘাটাল বিদ্যাসাগর স্কুলের খেলার মাঠ কিংবা অরবিন্দ স্টেডিয়ামে বইমেলা হয়ে থাকে। নদীর জলস্ফীতি হলে পূর্ব পাড়ে জল ঢোকার সম্ভাবনা নেই। ওই মাঠগুলো নিরাপদ বলে সুপরিচিত। সেখানে মেলা আয়োজনের যথাযথ পরিবেশ রয়েছে। মহকুমাবাসীদের প্রশ্ন, অন্যান্য বছর তাহলে কোন যুক্তিতে ঘাটাল শহরে বইমেলা করা হতো।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রের বাড়ি ঘাটাল মহকুমায়। তিনিও জানালেন, মেদিনীপুর জেলা অবিভক্ত থাকাকালীনই প্রত্যেক মহকুমায় পর্যায়ক্রমে ঘুরিয়ে ফিরিয়ে জেলা বইমেলা হতো। তখন আটটি মহকুমা ছিল। ফলে সাত বছর অন্তর প্রত্যেক মহকুমায় বইমেলা হতো। এই নিয়মেই চলে আসছে। এখন জেলায় তিনটি মহকুমা। ২০২১ সালে ঘাটাল মহকুমার দাসপুরে জেলা বইমেলা হয়েছিল। এবার তাই ফের ঘাটাল মহকুমাতেই জেলা বইমেলা হওয়া উচিত। ঘাটাল মহকুমার তিন বিশিষ্ট প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগী, দেবাশিস ভট্টাচার্য ও দেবাশিস কুইল্যা বলেন, ‘এবারে ঘাটালে জেলা বইমেলা হবে বলে মানসিক প্রস্তুতি ছিল। এখন শুনছি মেদিনীপুর শহরে হবে। এই সিদ্ধান্ত কোনও ভাবেই মানতে পারছি না।’
ঘাটাল শহরের আড়গোড়ার বাসিন্দা পুস্তকপ্রেমী অপূর্ব দাস, ঘাটাল ব্লকের আলুই হাই স্কুলের শিক্ষিকা শম্পা পাল জানান, ২০২১ সালে দাসপুরে জেলা বইমেলা সফল হয়েছিল বলেই জানি। তাই আমাদের আশা ছিল যে, এবারের বইমেলা আমাদের মহকুমাতেই হবে। অনেক প্রকাশক ইতিমধ্যে স্টল দেওয়ার পরিকল্পনা করছিলেন এবং অনেকে এই উপলক্ষ্যে তাঁদের বই প্রকাশের চিন্তাও শুরু করেছিলেন। এই পরিস্থিতিতে মেলা সরিয়ে নেওয়ায় তাঁরা হতাশ ও ক্ষুব্ধ।
স্থানীয়রা অভিযোগ করছেন যে, জেলা শহরে মেলা হলে কর্তৃপক্ষের পরিশ্রম ও পরিচালনার জটিলতা কম হবে। তাই এই সিদ্ধান্ত। কিন্তু এই প্রেক্ষাপটে বইপ্রেমীদের এবং নতুন পাঠকদের কথা ভেবে মেলা ঘাটালেই হওয়া উচিত ছিল বলে তাঁদের মত। ঘাটালের সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক অগ্রগতির জন্য জেলা বইমেলা এখানে হওয়া অত্যন্ত প্রয়োজন। জেলা গ্রন্থাগার আধিকারিকের সংযোজন, মেদিনীপুর শহরে বইমেলা হলে বই বিক্রিও বেশি হবে।
সম্পর্কিত সংবাদ