Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় বিগ বাজেটের কালীপুজো দেখতে ভিড়

জেলায় বিগ বাজেটের কালীপুজো দেখতে ভিড়
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শুক্রবার সন্ধ্যা থেকেই মুর্শিদাবাদ জেলায় কালীপ্রতিমা দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় দেখা গেল। বহরমপুর, কান্দি, লালবাগ ও জিয়াগঞ্জে বেশ কয়েকটি ক্লাবের বিগ বাজেটের কালীপুজো রয়েছে। ওই সমস্ত ক্লাবের বিশাল মণ্ডপ, বাহারি আলোকসজ্জা ও প্রতিমায় চমকের টানে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমান। জেলার বেশ কয়েকটি থানাতেও বড় করে দুর্গাপুজো আয়োজিত হচ্ছে। সেখানেও প্রতিমা দর্শনে তরুণ-তরুণীদের ভিড় দেখা গিয়েছে।
Advertisement
বহরমপুরের অন্যতম বড় কালীপুজো করে স্যান্টাফোকিয়ার পুজো উদ্যোক্তারা। শুক্রবার সন্ধ্যায় এই মণ্ডপে নানা জায়গা থেকে আসা বহু মানুষ ভিড় করেন। কান্দির বনবিহারী বসু, লালবাগের শুচিস্মিতা পাল জানালেন, জেলার মধ্যে এই পুজোর বেশ নামডাক আছে। কালীপুজোর সন্ধ্যায় নিজেদের এলাকা ছেড়ে বেরোনো যায় না। তাই প্রতি বছর পুজোর পরদিন সময় বের করে প্রতিমা দেখতে বের হন। আর জর্জ কোর্টের মোড়ে এই প্রতিমা না দেখলে কালীপুজোয় ঘোরা অসম্পূর্ণ থাকে।
বহরমপুরের জেলা তৃণমূল অফিসে বিশাল মণ্ডপ করে কালীপুজো হয়েছে। সেখানেও দর্শনার্থীরা ভিড় করেছেন। ভাগীরথীর ধারে বড় কালীমন্দিরে সন্ধ্যা থেকেই মানুষের লাইন দেখা গিয়েছে। হরিহরপাড়ার বাসিন্দা কাকলি দাস ও মিঠুন সমাদ্দার প্রতিমা দর্শন করতে এসেছিলেন। তাঁরা জানান, এত বিশাল মা কালীর মূর্তি দেখে মন ভরে যায়। এখানকার আলোর রোশনাইও নজরকাড়া। রাতে গোরাবাজার শ্মশানকালীর প্রতিমা দর্শন করবেন।
সম্পর্কিত সংবাদ