Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় বেআইনি জলসংযোগে ৫০০’র বেশি অভিযোগ দায়ের

জেলায় বেআইনি জলসংযোগে ৫০০’র বেশি অভিযোগ দায়ের
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জেলাজুড়ে ‘জলস্বপ্ন’ প্রকল্পের কাজ জোরকদমে চলছে। কিন্তু মূল পাইপলাইন থেকে জলের সংযোগ বের করা সহ নানা বেআইনি কাজ করায় জেলার নানা এলাকার ৫০০’র বেশি মানুষের নামে থানায় অভিযোগ করেছে প্রশাসন। এমনকী, পাঁচজনের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআরও করা হয়েছে। সেইসঙ্গে বিপুল সংখ্যক জলের সংযোগ কেটে দেওয়া হয়েছে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, সবং ব্লকে বেশ ভালোই কাজ হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি জেলায় কাজ শেষ হবে।
Advertisement
প্রশাসনের আধিকারিকরা জানান, অনেকেই পাইপলাইনের জল বেআইনিভাবে ব্যবহার করছেন। বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণে সেই তথ্য সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কাজের গতি অনেকটাই বেড়েছে। জেলায় নতুন করে প্রায় আটহাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, আরও ছয় লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া।রাজ্য সরকারের উদ্যোগে জেলার প্রতিটি ব্লকে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে এসে তাড়াতাড়ি জলের সমস্যা মেটাতে বলেছেন। মাঝে বিভিন্ন নির্বাচন থাকায় এই কাজের গতি কিছুটা হ্রাস পেয়েছিল। ফলে বহু এলাকায় পাইপলাইন পৌঁছলেও জল মিলছে না। তবে এখন কাজ অনেকটাই এগিয়েছে। বাকি কাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে প্রশাসন। রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জোরকদমে কাজ চলছে। কেউ বেআইনি কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন জানিয়েছে, ২০২১ সালে জেলায় মাত্র ছয় শতাংশ মানুষ এই প্রকল্পের আওতায় ছিলেন। এখন তা বেড়ে ৪৩ শতাংশে পৌঁছেছে। প্রকল্পটি সম্পূর্ণভাবে রূপায়ণের জন্য বেশ কিছু জমি চিহ্নিত করে হস্তান্তর করা হয়েছে। কারণ পাম্প হাউস, ট্যাঙ্ক তৈরি করতে জমি প্রয়োজন। বাড়ি বাড়ি জলসংযোগের সংখ্যা বছরখানেক আগেও ছিল প্রায় ১০হাজার। এখন তা প্রায় চার লক্ষে পৌঁছেছে।২০২১ সাল নাগাদ পাম্প হাউসের সংখ্যা ছিল মাত্র ১০টি। এখন প্রায় ৪০০ পাম্পহাউস রয়েছে। বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য পাইপলাইন করা হচ্ছে।  ২০২১ সালে ৬৮০ কিলোমিটার পাইপলাইন ছিল। এখন তা বেড়ে ১১ হাজার ৪০০ কিলোমিটারে দাঁড়িয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, অনেক জায়গায় মূল পাইপলাইন থেকে জলের কানেকশন বের করা হচ্ছে। এরপর সেই জল গাড়ি ধোয়া সহ নানা কাজে ব্যবহার চলছে। এধরনের ঘটনা সামনে এলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের এই কাজ তদারকি করার নির্দেশ দেওয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ