সংবাদদাতা, বোলপুর: সদ্যপ্রয়াত কিংবদন্তি তবলা বাদক উস্তাদ জাকির হোসেনকে যথাযথ মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি দিল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী সঙ্গীত ভবন। শুক্রবার সঙ্গীত ভবনের মঞ্চে বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী তবলার জাদুকরকে স্মরণ করা হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শ্রুতি বন্দ্যোপাধ্যায় সহ ভবনের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়ারা। সেখানে তবলার তালের মূর্ছনায় ভারতের সর্বকালের শ্রেষ্ঠ তবলা বাদককে শ্রদ্ধার্ঘ্য জানান সঙ্গীত ভবনের পড়ুয়ারা। পড়ুয়াদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সঙ্গীত ভবনের অধ্যাপক অমিত ভার্মা। তিনি বলেন, ভারতীয় ও বিশ্ব সঙ্গীতে তাঁর অবদান কখনও ভোলার নয়। সঙ্গীতের ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন শ্রেষ্ঠ অনুপ্রেরণা।



