নয়াদিল্লি: ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতের ঢোকার চেষ্টা। বিএসএফের গুলিতে জখম এক ব্যক্তি। নাম আক্তার জামাল রনি। তাঁর বাড়ি ত্রিপুরার সিপাহিজালা জেলাতেই। কিন্তু, মঙ্গলবার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের ঢোকার চেষ্টা করছিলেন তিনি। সঙ্গে এক মহিলাও ছিলেন। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন রনি। সেইসময় একাধিকবার তাঁকে সতর্ক করা হয়েছিল। কিন্তু, পিছু না হটে এক জওয়ানের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। বন্দুকও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষায় গুলি চালান বিএসএফ জওয়ান। তাতে জখম হন ওই ব্যক্তি। এরমধ্যে তাঁর সঙ্গে থাকা মহিলা পাশের গ্রামে পালিয়ে যান। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বিএসএফ আধিকারিকরা।



