সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-২ ব্লকের জুখিয়া পঞ্চায়েতের ইক্ষুপত্রিকা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। বুধবার ভূপতিনগর থানার পুলিসের কড়া নিরাপত্তায় এই সমিতির নির্বাচন হয়। বিজেপিকে পর্যুদস্ত করে ১২টি আসনের সবক’টিই তৃণমূল দখল করে। মোট ভোটার ছিলেন ৮৩৯জন। তারমধ্যে ৭৪৬টি ভোট পড়েছে। জয়ের পর এলাকার তৃণমূল নেতা-কর্মীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। পরস্পর আবির মাখান। উল্লেখ্য, এই সমবায় সমিতির সম্পাদক ছিলেন পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শশাঙ্ক জানা। যিনি সম্প্রতি বিজেপির সদস্যপদ নিয়েছেন। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া ও ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না বলেন, শশাঙ্কবাবু বিজেপির হয়ে প্রাণপণ লড়াই করেও সুবিধা করতে পারেননি। বিজেপির প্রার্থীরা পরাস্ত হয়েছেন। আমরা জয়ী প্রার্থী ও ভোটারদের বিশেষভাবে অভিনন্দন জানিয়েছি। এই বিপুল জয় প্রমাণ করে, মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছেন। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, শাসকদল বরাবরই নানা কায়দায় ক্ষমতা কুক্ষিগত করতে সিদ্ধহস্ত।



