Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জ নেহালিয়া রায়বাহাদুর বাড়িতে শুরু ঝুলনযাত্রা উৎসব, বসছে মেলাও

আজ, বুধবার থেকে জিয়াগঞ্জ নেহালিয়া রায়বাহাদুর বাড়িতে শুরু হতে চলেছে পাঁচদিন ব্যাপী প্রায় দুই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা উৎসব।

জিয়াগঞ্জ নেহালিয়া রায়বাহাদুর বাড়িতে শুরু ঝুলনযাত্রা উৎসব, বসছে মেলাও
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: আজ, বুধবার থেকে জিয়াগঞ্জ নেহালিয়া রায়বাহাদুর বাড়িতে শুরু হতে চলেছে পাঁচদিন ব্যাপী প্রায় দুই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা উৎসব। ঝুলনযাত্রা উৎসব উপলক্ষ্যে রায়বাহাদুর বাড়ির রাধামোহনজিকে সোনার গহনায় সাজিয়ে তোলা হয়েছে। সংস্কারের পাশাপাশি রং করে সাজিয়ে তোলা হয়েছে রায়বাহাদুর বাড়ি তথা নেহালিয়া হাউস। রায়বাহাদুর বাড়ির এই ঝুলনযাত্রাকে কেন্দ্র করে রীতিমত উৎসবে মেতে উঠেছে জিয়াগঞ্জের সর্বস্তরের মানুষ । ঝুলনযাত্রা উৎসব উপলক্ষ্যে নেহালিয়া রায়বাহাদুর বাড়ির সামনে হাটের মাঠে মেলা বসেছে।  জিয়াগঞ্জের নেহালিয়ার জমিদার সুরেন্দ্র নারায়ণ সিংহের রায়বাহাদুর বাড়ির ঝুলনযাত্রা উৎসবের খ্যাতি মুর্শিদাবাদ জেলা জুড়ে। ১২৫০ বঙ্গাব্দে রায়বাহাদুর সুরেন্দ্র নারায়ণ সিংহের পূর্বপুরুষ উদিতনারায়ণ সিংহের সময়ে রাধামোহন বিগ্রহ প্রতিষ্ঠা হয়। রাধামোহন বিগ্রহ প্রতিষ্ঠার বছর থেকেই ঝুলনযাত্রা উৎসবের প্রচলন হয় বলে রায়বাহাদুর বাড়ির বর্তমান সদস্যরা জানান। রায়বাহাদুর পরিবারের এক সদস্য বলেন, মন্দিরে কষ্টিপাথরের কৃষ্ণ ও অষ্টধাতুর শ্রীরাধা রয়েছেন। রাধাকৃষ্ণের যুগল মূর্তি এখানে রাধামোহন নামে পরিচিত। সারা বছর রাধামোহন রুপোর গহনায় সাজানো থাকলেও ঝুলন উৎসব ও জন্মাষ্টমী উৎসবে রাধামোহনকে সোনার গহনায় সাজানো হয়। শ্রীরাধা ও কৃষ্ণের মাথার মুকুট, গলার মালা, হাতের বালা, কোমরের বিছে, পায়ের নুপুর, এবং কৃষ্ণের বাঁশি সমস্তই সোনার। আগে ঝুলন উৎসব উপলক্ষ্যে মন্দিরের সামনে নাটমন্দিরে কলকাতার বিখ্যাত যাত্রাদলগুলি যাত্রাপালা মঞ্চস্থ করত। যাত্রা দেখতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার জমিদার ও রাজারাও নেহালিয়া হাউসে আসতেন। এখন কলকাতার যাত্রাদল না এলেও ঝুলনের পাঁচদিন ধরে পুরনো ইতিহ্য মেনে মন্দিরের সামনের নাটমন্দিরে কৃষ্ণযাত্রা, কীর্তন ও বাউলগান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রায়বাহাদুর বাড়ির ঝুলনযাত্রা উৎসব একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচদিন চললেও ঝুলন উপলক্ষ্যে মেলা জন্মাষ্টমী অর্থাৎ দুই সপ্তাহ ব্যাপী চলে। ঝুলনের পাঁচ দিন রাধামোহনকে রকমারি ভাজা, তরকারি, চাটনি, পায়েস সহ অন্নভোগ নিবেদন করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গাপুজোর আগে নেহালিয়া রায়বাহাদুর বাড়ির ঝুলনযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন জিয়াগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। জিয়াগঞ্জের নেহালিয়ার রায়বাহাদুর বাড়ির ঝুলনযাত্রা উৎসব ছাড়াও নশিপুরের জাফরাগঞ্জ আখড়া ও নশিপুর বাজবাড়িতে ঝুলনযাত্রা উৎসব শুরু হচ্ছে। নশিপুর রাজবাড়ির ঝুলনযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজবাড়ির সামনে গ্রামীণ মেলা বসেছে। মেলায় মিষ্টি, তেলেভাজা, সাংসারিক বিভিন্ন জিনিসের পাশাপাশি নাগরদোলা, চরকি প্রভৃতি বিনোদনের উপকরণ রয়েছে। মঙ্গলবার থেকেই মেলায় ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ