Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়ফুঁক করতে এসে জুটল মার, পালাতে গিয়ে দুর্ঘটনা, আটক চার

ঝাড়ফুঁক করতে এসে জুটল মার, পালাতে গিয়ে দুর্ঘটনা, আটক চার
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: ঝাড়ফুঁক করতে এসে চোর সন্দেহে বাসিন্দাদের হাতে মার খেল চারজন। রবিবার ঘটনায় উত্তেজনা ছড়ায় শীতলকুচি ব্লকের ভাঐরথানা পঞ্চায়েতের মাশানকুড়া বাজারে। বাসিন্দাদের অভিযোগ, এদিন বাইকে চেপে চার যুবক এলাকায় ঘোরাফেরা করছিল। প্রত্যেকেই আলাদা হয়ে ছোট ব্যাঙডাকি গ্রামের বেশকিছু বাড়িতে যায়। হলদিবাড়িতে অনুষ্ঠান রয়েছে। সেখানে যাওয়ার আমন্ত্রণ জানায় তারা। এরপর এলাকারই এক সিভিক ভলেন্টিয়ার তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখে তাঁর সন্দেহ হয়। ওই দলটিকে বাড়ির বাইরে দাঁড়াতে বলে ঘর থেকে মোবাইল ফোন আনতে গেলে দুষ্কৃতীরা বাইকে চম্পট দেয়। যদিও পালানোর সময় একটি ভ্যানের সঙ্গে দুর্ঘটনায় জখম হয় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার করার ব্যবস্থা করে। এদিকে ঘটনার খবর চাউর হতেই ওই ব্যক্তিকে আটক করে রাখে বাসিন্দারা। পরে তাদের আরও দু›ই সঙ্গী ঘটনাস্থলে আসলে তাদের মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিস পৌঁছে চার যুবককে আটক করে থানায় নিয়ে আসে। 
Advertisement
পুলিস সূত্রে খবর, ধৃতদের মধ্যে তিনজন মাথাভাঙার বড়াইবাড়ি ও একজনের বাড়ি মাথাভাঙায়। এবিষয়ে ছোট ব্যাঙডাকি গ্রামের গৃহবধু নিয়তি বর্মন বলেন, এদিন আমার বাড়িতেও এক ব্যক্তি আসে। তিনি জানান হলদিবাড়িতে পুজো রয়েছে, তার নিমন্ত্রণ করতে এসেছি। ওরা ঝাড়ফুঁক করতে পারে। পাশেই একটি বাড়িতে করেছে। আমি মানা করে দিলে তারা চলে যায়। পরে তাদের ধরা পড়ার বিষয়টি জানতে পারি। তারা কি উদ্দেশ্যে এসেছিল জানা নেই। বাসিন্দাদের আরও অভিযোগ, সম্প্রতি পাশের গ্রামে একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঝাড়ফুঁকের আড়ালে এই দলটি চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।  
এই ব্যাপারে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ