Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝোপে ধরানো আগুন থেকে ছড়াচ্ছে জঙ্গল-জমিতে, পুড়ে নষ্ট হচ্ছে ফসল

ঝোপে ধরানো আগুন থেকে ছড়াচ্ছে জঙ্গল-জমিতে, পুড়ে নষ্ট হচ্ছে ফসল
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: রাস্তা বা জঙ্গলের ধারে থাকা শুকনো পাতা, ঘাস ও আগাছায় আগুন ধরিয়ে দিচ্ছে কিছু বাসিন্দা। প্রায়ই সিউড়ি, রাজনগর, চন্দ্রপুর, দুবরাজপুর, সাঁইথিয়া থানার গ্রামাঞ্চলের রাস্তার ধারে দেখা যাচ্ছে আগুন জ্বলছে। আর সেই আগুন ছড়িয়ে পড়ছে আশেপাশের জঙ্গল এলাকাতেও। ফলে পুড়ে নষ্ট হচ্ছে গাছ। রাস্তার ধারে, নদী, ক্যানেল বা জঙ্গলের ধারে গজিয়ে উঠেছিল কাশফুল, বড় বড় ঘাস। কাশফুল আগেই ঝড়ে গিয়েছে। এখন এইসব ঘাসগুলি শুকিয়ে গিয়ে তৈরি হয়েছে ঝোপ। কে বা কারা সেগুলিতে আগুন ধরিয়ে দিচ্ছে বলে অভিযোগ। কয়েকদিন আগেই সিউড়ির কড়িধ্যার আমাইপুর গ্রামের কাছেও সরকারি রেশমতীর্থ বাগানের কাছে এইসব রাস্তার ধারে থাকা ঘাসগুলিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে পড়ে ওই রেশমতীর্থ বাগানে। দাউ দাউ করে বাগানের শুকনো গাছে গাছে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেখানে পুড়ে ছাই হয়ে যায় প্রচুর গাছ। পরে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, এই ধরনের ঘটনা অন্যান্য জায়গাতেও ঘটতে দেখা যাচ্ছে। আরও জানা গিয়েছে, বেশকিছু জায়গায় জমিতে ধান তুলে নেওয়ার পর নাড়া পোড়ানোর জন্যও অনেকে আগুন ধরিয়ে দিচ্ছে মাঠে। সেই আগুন ছড়িয়ে পড়ছে শুকনো গাছে। যা থেকে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু কোনওভাবেই সাধারণ মানুষকে এই ধরনের আগুন ধরিয়ে দেওয়া থেকে বিরত করা যাচ্ছে না। এরজন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সচেতন করার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
Advertisement
সিউড়ির কড়িধ্যা এলাকার বাসিন্দা সমরজিৎ দাস বলেন, গরমের সময় ঘাস নষ্ট করার জন্য অনেকেই তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। আমাইপুরে কে বা কারা আগুন ধরিয়েছিল ঘাসে। সেই আগুন ছড়িয়ে রেশম বাগানে ক্ষতি হয়েছে। এইভাবে যেখানে সেখানে আগুন ধরিয়ে দিয়ে সেই আগুন যেকোনও মুহূর্তে বসতি এলাকায় উড়ে গিয়ে ভয়াবহ কাণ্ড হতে পারে। মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। কারণ এখন গরম পড়ে গিয়েছে। পুলিস প্রশাসনকে বিষয়টি দেখা দরকার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ