সংবাদদাতা, রামপুরহাট: নলহাটিতে বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম কেশবপ্রসাদ ভকত(৩০)। তাঁর বাড়ি নলহাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। শনিবার মধ্যরাতে পরিবারের সদস্যরা তাঁকে বাড়ির মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের একটি গ্যাসের দোকান ছিল। যদিও বেশকিছু দিন ধরে তা বন্ধ ছিল। পুলিস জানিয়েছে, মানসিক অবসাদ থেকে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



