নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: খড়্গপুর লোকাল থানা এলাকায় ঝাড়খণ্ডের এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছিল। হ্যাম রেডিওর মাধ্যমে উদ্ধার হওয়া বৃদ্ধাকে বাড়ি পাঠানো হল। ঘটনায় খুশি বৃদ্ধার পরিবার। বৃদ্ধার নাম ঊষা সাউ। তাঁর বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরের পথারল গ্রামে। জানা গিয়েছে, খড়্গপুর লোকাল থানা এলাকায় ওই বৃদ্ধাকে ইতস্ততভাবে ঘুরে বেড়াতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে পুলিস বৃদ্ধাকে উদ্ধার করে। খড়্গপুর মহকুমা প্রশাসন বৃদ্ধাকে সরকারি হোমেই রাখার নির্দেশ দেন। হোম কর্তৃপক্ষ বিষয়টি জানায় হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে। এরপর হ্যাম রেডিওর উদ্যোগে বৃদ্ধার পরিবারের সন্ধান পাওয়া যায়। একইসঙ্গে বৃদ্ধাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওই বৃদ্ধা মেয়ের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তিনি একটি বাসে চেপে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাসের ভাড়া না থাকায় তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে বৃদ্ধা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস ও সদস্য নির্মলেন্দু মুখোপাধ্যায় বলেন, বৃদ্ধাকে বাড়িতে পাঠাতে পেরে খুশি।



