Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়খণ্ডে পাচারের আগে বোরোতে ৩টি আলুবোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার ৭

ঝাড়খণ্ডে পাচারের আগে বোরোতে ৩টি আলুবোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার ৭
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ঝাড়খণ্ডে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আলু। অভিযান চালিয়ে আলুবোঝাই ট্রাক আটক করল পুরুলিয়ার বোরো থানার পুলিস। রবিবার বিকেলে আলুবোঝাই তিনটি ট্রাক আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬১ টন আলু। ঘটনায় জড়িত পাচারের মূল চক্রী, গাড়ির চালক, খালাসি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে মূল চক্রী সহ চারজনের পুলিস হেফাজত এবং বাকি তিনজনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। রাজ্যে জোগান স্বাভাবিক রাখতে মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে আলু পাচার না করার জন্য অনুরোধ করেছেন। যাতে রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে থাকে। তা সত্ত্বেও মুনাফার লোভে ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল আলু। বোরো থানার পুলিস অভিযান চালিয়ে এমনই তিনটি ট্রাক আটক করেছে। যা বান্দোয়ান হয়ে ঝাড়খণ্ডে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার বিকেলে বোরোর ব্লক মোড়ের কাছে পুলিসের নাকা তল্লাশি চলছিল। সন্দেহ হওয়ায় পুলিস ওই তিনটি ট্রাক থামায়। পুলিস চালকের কাছে আলু নিয়ে যাওয়ার বৈধ কাগজ দেখতে চায়। তখন চালক যে কাগজ দেখায় তা অসঙ্গতিপূর্ণ ছিল বলে পুলিসের দাবি। তখনই পুলিস আলুবোঝাই তিনটি ট্রাক আটক করে। তাতে ২৩ টন, ১৬ টন ও ২১ আলু ছিল। ঘটনায় পুলিস চালক খালাসি সহ আলু পাচারের সঙ্গে জড়িত অন্য একজনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল বোরো থানার ধবনী গ্রামের অক্ষয়কুমার সহিস, বাঁকুড়া টাউন থানার বেজগ্রামের মানস সিংহ রায়, ঝাড়খণ্ড রাজ্যের পটমদা থানার বামনি গ্রামের দেবদূত সিংহ, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার শসাবেদিয়া গ্রামের শান্তনু মণ্ডল, শ্যামসুন্দরপুর গ্রামের বিকাশ দুলে, বাঁকুড়ার হীড়বাঁধ থানার ভোজদা গ্রামের নয়ন বাউরি ও খাতড়া থানার সুপুর গ্রামের বাপ্পা বাউরি। এদের মধ্যে অক্ষয়কুমার আলু পাচারের মূল মাথা। সে আলু গড়বেতা থেকে নিয়ে ঝাড়খণ্ডে পাচারের ছক কষেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ