সংবাদদাতা, বালুরঘাট: প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলায় আর্টিফিশিয়াল রেসপিরেশন পদ্ধতিতে অপারেশন করে অন্তঃসত্ত্বার প্রাণ বাঁচালেন বালুরঘাট সুপার স্পেশালিটির চিকিত্সকরা।
Advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুরের শুকদেবপুর এলাকার বাসিন্দা মিলন রায়ের স্ত্রী কবিতা বর্মন ন’মাসের অন্তঃসত্ত্বা। রবিবার দুপুরে কয়েকবার খিঁচুনি হওয়ার পর তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয় সুপার স্পেশালিটিতে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরিবারের সদস্যদের স্পষ্ট জানিয়ে দেন রোগীকে বাঁচানো কার্যত অসম্ভব। তবে কর্তৃপক্ষ প্রবীণ চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফির নেতৃত্বে বিশেষ মেডিক্যাল টিম গঠন করে। সবরকম পরীক্ষার পর সিজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রোগী অজ্ঞান হয়ে থাকায় আর্টিফিশিয়াল রেসপিরেশনের মাধ্যমে সিজার করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। তাঁদের দাবি, আর্টিফিশিয়াল রেসপিরেশন পদ্ধতিতে রোগীর একাধিক অঙ্গকে কৃত্রিমভাবে চালু রাখা হয়। চিকিৎসক রঞ্জন মুস্তাফি বলেন, এরকম ক্ষেত্রে রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। আমরা ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করে সাফল্য পেয়েছি।



