নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের মুকুটে নতুন পালক। পুরসভা এলাকায় চারশো আসনের নতুন অডিটোরিয়াম তৈরি হবে। ব্যয় হবে ২০ কোটি টাকা। প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রশাসনিক বৈঠক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করা যাবে। সাংস্কৃতিক বিনোদনের অন্যতম জায়গা হয়ে উঠবে শহরের এই এলাকা। ঝাড়গ্রাম ২০১৭ সালে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। জেলাজুড়ে এরপরেই পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়। জেলার সদর শহরের চেহারা মাত্র কয়েক বছরে বদলে গিয়েছে। কালেক্টরেট অফিস, জেলা আদালত, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে উড়ালপুল গড়ে উঠেছে। অভাব ছিল ভালো অডিটোরিয়ামের। শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন। সেই দাবি এবার পূরণ হতে চলেছে। জেলা পূর্তদপ্তরের আধিকারিক মৃত্যুঞ্জয় পাল বলেন, অডিটোরিয়ামটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তৈরি করা হবে। ডিপিআর তৈরির কাজ চলছে। নির্মাণকাজও আমরা খুব দ্রুত শুরু করে দেব। অরণ্য শহরে সারাবছর ধরে নানা ধরনের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের পার্কগুলোতে বেশিরভাগ বড় অনুষ্ঠান হয়। যদিও সেখানে বেশি সংখ্যক মানুষের জমায়েত করা যায় না। যা নিয়ে সংস্কৃতি জগতের মানুষের এতদিন আক্ষেপ ছিল। শহরের বিশিষ্ট শিল্পী সুবীর বিশ্বাস বলেন ,ঝাড়গ্রামেরঅরণ্য ভূমির এক নিজস্ব সংস্কৃতি আছে। সকল উৎসব অনুষ্ঠানে তার ছাপ আছে। এলাকার মানুষ নিজেদের মতো করে উৎসব অনুষ্ঠান করেন। দীর্ঘসময় ধরে এই এলাকা উপেক্ষিত ছিল। বর্তমানে অবশ্য পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। প্রশাসনের অডিটোরিয়াম তৈরির উদ্যোগ সাধুবাদযোগ্য।



