নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহরে এক সিভিক ভলান্টিয়ারের ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে রাজ কলেজ কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। ঘরের আলমারিতে রাখা নগদ ৫০ হাজার টাকা, দু’টি সোনার চেন, তিনটি আংটি চুরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের শাবলমারা গ্রামের বাসিন্দা রাজীব সোরেন। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার। তাঁর পরিবার গত রবিবার থেকে বাড়িতে ছিল না। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি করা হয়েছে। রাজীব সোরেন বলেন, আমরা গ্ৰামের বাড়িতে গিয়েছিলাম। আমার শ্যালকের বাড়ি এই এলাকাতেই। বাড়ির সামনে স্ট্রিট লাইট কয়েক মাস ধরে জ্বলছিল না। বাড়ির সামনে অন্ধকার থাকা নিয়ে চিন্তায় ছিলাম। বাড়ির চাবি শ্যালককে দিয়ে গিয়েছিলাম। দু’বেলা এসে নজর রাখতেও বলেছিলাম। আজ সকালে এসে শ্যালক দেখতে পায় ঘরের মূল দরজার খোলা। আমাকে ফোন করে বিষয়টি জানাতেই বাড়িতে এসে দেখি ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারি খোলা। লকারে নগদ ৫০ হাজার টাকা, সোনার চেন, আংটি রাখা ছিল। সেগুলি নেই। এমনকী বাড়ির প্রধান দরজার তালাটি পর্যন্ত নিয়ে গিয়েছে। ঝাড়গ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি। চুরির খবর পেয়ে রাজ কলেজ কলোনিতে স্থানীয় কাউন্সিলার গৌতম মাহাত আসেন। প্রতিবেশীরা স্ট্রিট লাইট খারাপ হয়ে থাকার অভিযোগ করেন। পুরসভা থেকে লোক এসে দুপুরের মধ্যেই নতুন স্ট্রিট লাইট লাগিয়ে দিয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, জেলাশাসকের দপ্তরের ঢিলছোড়া দূরত্বে এই এলাকা। ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ হয়েছে। পুলিস সন্দেহভাজন একজনকে আটক করেছে। তদন্ত চলছে।



