নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলায় পারিবারিক আদালত উদ্বোধন হল। এই দেওয়ানি আদালতে বিবাহ-সংক্রান্ত নানাবিধ সমস্যার সমাধান করা হবে। সোমবার সকালে বিচারক কল্লোল চট্টোপাধ্যায় জেলার নতুন আদালত ভবনে এর উদ্বোধন করেন। পারিবারিক আদালতের বিচারক হিসেবে দেবপ্রিয় বসু এদিন দায়িত্বভার গ্ৰহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক সুনীল আগরওয়াল, জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক উৎপল মিশ্র, অন্য বিচারক ও বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
Advertisement
রাজ্যের মধ্যে এই পারিবারিক আদালত পঞ্চম। এখানে বাদী ও বিবাদী উভয়পক্ষ বিচারকের সামনে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। জেলার বিবাহ-সংক্রান্ত সমস্যার দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে এই আদালত চালু করা হয়েছে। জেলা ও দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় বলেন, এই দেওয়ানি আদালতে বিবাহবিচ্ছেদ, সন্তানদের হেফাজত, অভিভাবকত্ব ও সন্তানের রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে। এধরনের যে সমস্ত মামলা এতদিন অন্য আদালতে বিচারাধীন ছিল, সেগুলি পারিবারিক আদালতে স্থানান্তরিত করা হবে। এধরনের নতুন কোনও মামলা দাখিল হলে এবার থেকে পারিবারিক আদালতেই বিচার হবে।



