Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রাম মেডিক্যালে বন্ধ ফেয়ার শপ, চরম সমস্যায় রোগীরা

ঝাড়গ্রাম মেডিক্যালে বন্ধ ফেয়ার শপ, চরম সমস্যায় রোগীরা
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফেয়ার শপ দীর্ঘদিন ধরে বন্ধ। হাসপাতালের নির্ধারিত মেডিক্যাল শপগুলো থেকে রাতে ওষুধ মিলছে না। রোগী ও রোগীর পরিবারের সদস্যরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। প্রশ্ন উঠছে হাসপাতালের চিকিৎসা পরিষেবার বেহাল দশা নিয়ে।
Advertisement
জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসা করাতে আসেন। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বহু মানুষ আসেন। ফেয়ারশপ বন্ধ থাকায় বাইরের দোকান থেকে বেশি দাম দিয়ে ওষুধ কিনতে হচ্ছে। হাসপাতালের মেডিক্যাল শপগুলো থেকেও রাতের বেলায় ওষুধ না মেলার অভিযোগ উঠেছে। ওষুধ না মেলায় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের সদস্যরা বিপাকে পড়ছেন। ওষুধের জন্য পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সপ্তাহের সাতদিন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত একটি মেডিক্যাল শপ খোলা থাকা বাধ্যতামূলক। অভিযোগ, মেডিক্যাল শপগুলো বেশির ভাগ ক্ষেত্রে রাতে বন্ধ থাকছে। ফোন করে খোঁজ নিতে গেলে ওষুধ নেই বলে জানানো হচ্ছে। যার জেরে রোগীর পরিবারের সদস্যরা রাতের বেলায় ওষুধ না পেয়ে বিপদে পড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ। জামবনি ব্লকের গিধনি এলাকার বাসিন্দা দেবনাথ রায় বলেন, এক সপ্তাহ আগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতে স্ত্রীকে ভর্তি করতে হয়েছিল। ফেয়ার শপ বন্ধ থাকায় ওষুধ পাইনি। হাসপাতালের নির্ধারিত মেডিক্যাল শপে গিয়েও ওষুধ মেলেনি। ওষুধ না পেয়ে সারারাত দুঃশ্চিন্তার মধ্যে কাটাতে হয়। পরের দিন সকালে ওষুধ কিনতে হয়।
সম্পর্কিত সংবাদ