নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মঙ্গলবার ঝাড়গ্রামে আসেন পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন মন্ত্রী প্রদীপকুমার মজুমদার। এদিন দুপুরে তিনি জামবনী ব্লকের কাপগড়ি এলাকায় সিএডিসি শাখার উদ্বোধন করেন। বিকেলে ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবন অডিটোরিয়ামের উদ্বোধন করেন। প্রশাসনিক ভবনে পঞ্চায়েত ও গ্ৰামীণ উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠকও করেন। ওই বৈঠকে জেলা, ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ছিলেন। মন্ত্রী সাংবাদিক সম্মেলনে রাজ্যের উন্নয়নমূলক কাজে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ তোলেন। তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমিত সামর্থ্যের মধ্যেও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্র একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু, মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে প্রকল্পের টাকা বরাদ্দ করেছেন। রাস্তা তৈরির জন্য কেন্দ্র বরাদ্দ অর্থ দেয়নি। তারপরেও পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ হচ্ছে। এদিন জেলার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে। যেসব জায়গায় কাজের খামতি রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে।-নিজস্ব চিত্র



