Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনিয়ে চম্পট

ঝাড়গ্রামে বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনিয়ে চম্পট
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম শহরে সাত সকালে ছিনতাইবাজদের দৌরাত্ম্য। বৃহস্পতিবার সকালে রঘুনাথপুর এলাকায় বাইক আরোহী দুই ছিনতাইবাজ স্থানীয় এক বৃদ্ধার গলার সোনার হার ছিনিয়ে চম্পট দেয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় অভিযোগ করা হয়েছে। শহরে পুলিসি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 
Advertisement
ঝাড়গ্রাম শহরে মাসখানেক আগে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। যে ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। তারপর ফের ছিনতাইয়ের ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আর জি কর ঘটনার পর শহরে পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। পিঙ্ক মোবাইল ভ্যান, গ্রিন পুলিস এলাকায় এলাকায় টহল দিচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সিসি ক্যামেরা রয়েছে। তারপরেও দুষ্কৃতী দৌরাত্ম্য থামছে না। পুরসভার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রঘুনাথপুর এলাকার বাসিন্দা বছর ষাটের সুভাষিনী মাইতি এদিন বলেন, সকাল সাড়ে ন’টায় বাড়ির সামনের রাস্তায় নাতিকে স্কুলবাসে তুলতে গিয়েছিলাম। ফেরার পথে দুই ব্যক্তি বাইকে করে আমার সামনে এসে দাঁড়ায়। স্থানীয় এক বাসিন্দার ঠিকানা জিজ্ঞাসা করে। আমি চিনি না বলে জানাই। সেই  সময়ে আচমকা আমার গলার সোনার  হার ছিঁড়ে নেয়। আমকে ঠেলে ফেলে দেয়। দু’জনের মুখে মাস্ক ছিল। আমার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসার আগেই ওরা পালিয়ে যায়। খবর পেয়ে বাড়িতে পুলিস এসেছিল। থানায় অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছি। স্থানীয় বাসিন্দা পরেশ রাউত বলেন, জনবহুল এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিরাপত্তার ঢিলেমিতেই দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠেছে। বাড়ির মহিলারা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ