Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে ২০ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে আজই আবাসের টাকা

ঝাড়গ্রামে ২০ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে আজই আবাসের টাকা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া। আজই ঢুকবে আবাস যোজনার প্রথম দফার টাকা। গরিবগুর্বো মানুষগুলোর মাথায় পাকা ছাদ হবে। ঝড়বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে আর গৃহহীন হয়ে খোলা আকাশের নীচে কাটাতে হবে না। 
Advertisement
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, আজই আমাদের জেলায় বাংলা আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই ডিসেম্বর মাসের মধ্যেই জেলার ২০ হাজারেরও বেশি উপভোক্তা তাঁদের অ্যাকাউন্টে টাকা পাবেন। জেলার ৮টি ব্লকেই এই উপভোক্তাদের পরিসংখ্যান প্রায় সমান। তবে এখনই বাংলা আবাস যোজনার নতুন তালিকা তৈরির কাজ হচ্ছে না। প্রসঙ্গত, বিজেপি চালিত কেন্দ্র সরকার কেন্দ্রীয় আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার ফলে চরম সমস্যায় পড়েন ঝাড়গ্রামের বেলপাহাড়ী, নয়াগ্রাম ও লালগড়ের দরিদ্র্য গ্রামবাসীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গরিব মানুষদের কথা ভেবে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরির জন্য জেলায় প্রশাসন থেকে একাধিকবার সমীক্ষা হয়েছে। এই প্রকল্পে উপভোক্তারা মোট ১  লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন। প্রথম কিস্তিতে উপভোক্তারা  পাবেন ৬০ হাজার টাকা। পরে আরও দু’টি কিস্তিতে তাঁরা পুরো টাকা পাবেন।২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারে এসে গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপি নেত্রী তথা মন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ২১ সালের মধ্যে প্রত্যেকের পাকা বাড়ি করে দেবে কেন্দ্র সরকার। তা তো হয়েইনি, উল্টে পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকাই বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। বিজেপির এই ভাঁওতাবাজির জন্য গত ২০২৪ লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্রে তারা তৃণমূলের কাছে চরমভাবে ধরাশায়ী হয়েছে। কেন্দ্র আবাস যোজনা টাকা বন্ধ করে দেওয়ায় ২০২৬ বিধানসভা নির্বাচনেও এর ভালোমতো ফল পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই নিয়ে জানতে বিজেপির জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তৃণমূলের জেলা সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গী বলেন, কেন্দ্র আবাস যোজনা টাকা বন্ধ করে দিলেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসের মধ্যে তিনি বাংলা আবাস যোজনা টাকা দেবেন। তিনি কথা রেখেছেন। এমনিতেই লোকসভা ভোটের ফলের নিরিখে ঝাড়গ্রামে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি। তারপরেও মুখ্যমন্ত্রীর জনদরদী বাংলা আবাস যোজনা প্রকল্প আগামী বিধানসভা নির্বাচনে আমাদের এগিয়ে রাখবে। 
সম্পর্কিত সংবাদ