Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়ুজোতে দখলমুক্ত জমির সরকারি বোর্ড উধাও

ঝাড়ুজোতে দখলমুক্ত জমির সরকারি বোর্ড উধাও
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: সরকারি বোর্ড সরিয়ে নকশালবাড়ির হাতিঘিষার বড় ঝাড়ুজোতে জমি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শনিবার ওই এলাকায় থাকা দুটি সরকারি বোর্ডের মধ্যে একটি প্লটের বোর্ড উধাও। এনিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে হাতিঘিসাতে সরকারি জমির জাল দালিল করে দখল করার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সরব হয়েছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি। তারপরে অভিযান চালিয়ে কিছু জমি জবরদখলমুক্ত করেছিল প্রশাসন। বড়ঝাড়ুজোত মৌজায় ১.৬১ একর জমি দখলমুক্ত করে দু’টি সরকারি বোর্ড লাগিয়ে দেয় প্রশাসন। 
Advertisement
শনিবার সেখানে গিয়ে দেখা যায়, একটি বোর্ড খুঁটি সহ উধাও। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভ্যন্তরীণ একাধিক বিষয় রয়েছে। ওই বোর্ড উধাও করার পিছনে জমি মাফিয়াদের হাত রয়েছে। তাদের সাঙ্গপাঙ্গরা পার্শ্ববর্তী এলাকাতেই থাকে। এটা তাদের কাজ হতে পারে। কারণ বোর্ড সরিয়ে উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের জমি দেখিয়ে তা বিক্রি করে টাকা খাওয়ার পরিকল্পনা আছে। যদিও সোমবার ভূমিদপ্তরে কথা বলে বোর্ড লাগানোর ব্যবস্থা করব। নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ ও নকশালবাড়ি বিএলআরও দেবরাজ বাগকে এনিয়ে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও কোনও উত্তর দেননি। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ। তিনি বলেন, সোমবার বিডিও ও বিএলআরওর সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ