নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে জেলার ছ’টি ব্লককে শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লকের প্রতিটি শিশুর খাদ্য, বস্ত্র শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। সমাজ কল্যাণ দপ্তর এলাকার শিশুদের সার্বিক সমস্যার বিষয়ে ধারাবাহিক পর্যালোচনা করবে। জেলার সমাজ কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে কাজ হবে। জেলা প্রশাসন গত ৫ নভেম্বর থেকে চাইল্ড হেল্প লাইন চালু করেছে। ঝাড়গ্রাম জেলায় যা এতদিন ছিল না। আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ও পঞ্চায়েতে কর্মীরা প্রাথমিকস্তরে এলাকার শিশুদের সমস্যার অনুসন্ধান করবেন। ব্লকস্তরে সেই তথ্য প্রথমে সিডিপিওর কাছে যাবে। সেখানে থেকে জেলার ডিসিপিও দপ্তরে পৌঁছবে। পোর্টাল নথিভুক্ত তথ্য পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হবে। জেলার শিশু সুরক্ষা ইউনিটে আটজনের টিম গঠন করা হয়েছে। চব্বিশ ঘণ্টা এই টিম কাজ করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য ব্লকের শিশুদের খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য ও শিক্ষা সুনিশ্চিত করা। জেলার শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক রাজা দাস বলেন, জেলার ছ’টি ব্লককে শিশু বান্ধব ব্লক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিকভাবে অনেক দুর্বল পরিবার আছে, যেখানে শিশুরা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পাচ্ছে না। স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করা হয়। স্কুলছুট হয়ে যায়। শিশুদের মৌলিক অধিকারগুলি পূরণ করায় এই উদ্যোগের মূল লক্ষ্য। এছাড়াও শিশুদের জন্য মাসিক ভাতা দেওয়ার ব্যাবস্থা রয়েছে। ব্লকের ১০০টি শিশুকে ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।



