Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্ৰাম শহরে প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ শুরু

ঝাড়গ্ৰাম শহরে প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ শুরু
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰাম শহরে প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি জল সরবরাহ শুরু হয়ে গেল। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের চারটি বাড়িতে এদিন জলের সংযোগ দেওয়া হয়। বুধবার পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ আনুষ্ঠানিকভাবে জল সরবরাহের সূচনা করেন। পুরসভা জানিয়েছে, সবক’টি ওয়ার্ডে ধাপে ধাপে জল সরবরাহ করা হবে।
Advertisement
ঝাড়গ্রামকে ২০১৭ সালে জেলা হিসেবে ঘোষণা করা হয়। রাজ্য সরকার সেই বছরই জেলা শহরের পানীয় জল সরবরাহের ঘাটতি মেটাতে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি পরিস্রুত পানীয় জল প্রকল্প গড়ার কথা ঘোষণা করে। প্রথম পর্যায়ে রাজ্যের পুর বিষয়ক দপ্তর ঝাড়গ্রাম পুরসভাকে ৯ কোটি টাকা দেয়। প্রকল্পে মোট ৯৬ কোটি টাকা খরচ ধরা হয়। বিনপুর-১ ব্লকের বৈতা এলাকায় কংসাবতী নদীর জল তুলে পরিস্রুত করে পাইপ লাইনের মাধ্যমে শহরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে শহরের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজের সূচনা হয়। পুরসভার চেয়ারম্যান বলেন, কংসাবতী নদীর জল তুলে পরিস্রুত করে শহরের বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিস্রুত পানীয় জল সরবরাহের প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এদিন জল সরবরাহের সূচনা হল। প্রথম পর্যায়ে পুরসভার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ করা হবে। পরবর্তী ধাপে অন্য ওয়ার্ডেও জল সরবরাহের কাজ হবে। পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নবু গোয়ালা বলেন, প্রকল্পের কাজ ২০১৭-১৮ সাল থেকে শুরু হয়েছিল। সফলতার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। শহরের ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে ধাপে ধাপে জলের সংযোগ দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ