Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্ৰাম মেডিক্যালে বাড়ানো হল পুলিস-সিসি ক্যামেরা

ঝাড়গ্ৰাম মেডিক্যালে বাড়ানো হল পুলিস-সিসি ক্যামেরা
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল ও কলেজ চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে। পাশাপাশি আবাসিক ছাত্রীদের আত্মরক্ষার শেখাতে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ারও উদ্যোগ নিয়েছে জেলা পুলিস। নভেম্বর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ।
Advertisement
ঝাড়গ্ৰাম মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা আরজি করের ঘটনার পর থেকে আন্দোলনে নেমেছিলেন। আন্দোলনের সময় ঝাড়গ্ৰাম মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। হাসপাতাল কর্তৃপক্ষকে যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়। এরপরেই হাসপাতাল ও কলেজের নিরাপত্তা বাড়াতে এই সব পদক্ষেপ নেয়। নির্মীয়মান মেডিক্যাল কলেজে ছাত্রী নিবাস এখনও চালু করা যায়নি। ছাত্রীদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে। কলেজের তিনটি বর্ষের ২৯৫জন এমবিবিএস পড়ুয়ার মধ্যে ১০৫জন ছাত্রী। অস্থায়ী জায়গায় ছাত্রীদের থাকতে হচ্ছে।  পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের তরফে যা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ছাত্রীদের বর্তমান থাকার জায়গায় সবরকম নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ২৪ ঘণ্টা পুলিসের নিরাপত্তা রয়েছে। রাতে মহিলা পুলিসের পিঙ্কভ্যান নজরদারি চালায়। হাসপাতাল থেকে ৩ কিমি দূরে শহরের বিদ্যাসাগরপল্লি এলাকায় মেডিক্যাল কলেজটি গড়ে তোলা হয়েছে। অ্যাকাডেমিক ভবনে পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে। যদিও ভবন নির্মাণের কাজ এখনও বাকি আছে। হাসপাতালের এক জুনিয়র ডাক্তার বলেন, ঝাড়গ্ৰাম মেডিক্যাল কলেজের নিরাপত্তায় নানা ফাঁকফোকর ছিল। রাতে হাসপাতালের যে কোনও তলায় যে কেউ ইচ্ছেমতো চলে যেতে পারত। জিজ্ঞাসাবাদ করা হতো না। এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলেজের ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ নিঃসন্দেহে ভালো উদ্যোগ। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা বলেন, হাসপাতালে ও কলেজে নিরাপত্তা কর্মীর সংখ্যা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে। হাসাপাতালে বাউন্ডারি গেটগুলি সংস্কারের কাজ চলছে। রাতে পুলিসের ভ্যান নজরদারি চালাচ্ছে। ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 
ঝাড়গ্ৰামের এসডিপিও শামিম বিশ্বাস বলেন, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে থেকে প্রশিক্ষণ দেওয়া নিয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দেওয়ার কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। 
সম্পর্কিত সংবাদ