নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সাইবার প্রতারক সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিসের হাতে তুলে দিলেন উত্তরপাড়ার হিন্দমোটরের বাসিন্দারা। অভিযোগ, ওই ব্যক্তিকে গণপিটুনিও দেওয়া হয়। পুলিস ওই যুবককে আটক করেছে। উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম মেহবুর শেখ। তিনি ঝাড়খণ্ডের মধুপুরের বাসিন্দা বলে দাবি করেছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবক প্রায়ই হিন্দমোটরে এসে অনলাইনে বুকিং করা মোবাইল ফোন সংগ্রহ করতেন। ধারবাহিকভাবে ওই ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এদিন তাঁরা ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করেন। তখনই জানা যায়, ফোনগুলি বুকিং করা হতো কলকাতার তপসিয়া থেকে। এনিয়ে মেহবুবের অসংলগ্ন কথাবার্তাতেও তাঁদের সন্দেহ হয়। তখন তাঁরা পুলিসকে খবর দেন। পুলিস ও এলাকাবাসীদের অনুমান, বর্তমান সময়ে সাইবার প্রতারকরা টাকা হাতিয়ে নিয়ে দ্রুত কোনও না কোনও পণ্য কিনে নিচ্ছেন। পুলিসের নজর এড়াতে সেই সব পণ্য ভিন্নভিন্ন ঠিকানায় পাঠিয়ে সংগ্রহ করা হচ্ছে। তারপরে তা বিক্রি করে টাকা সংগ্রহ করার হচ্ছে। ধৃত যুবকও সেই রকমের কাজই করছিলেন। উত্তরপাড়ার থানার পুলিস জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তপসিয়া থেকে ফোন বুক করে তা হিন্দমোটরে ডেলিভারি নেওয়াটা সন্দেহজনক।



