ন’বছর পর ‘মৃত’ মেয়ের সন্ধান পেল ঝাড়খণ্ডের এক পরিবার
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ঝাড়খণ্ডের বাঘমুণ্ডি নদীতে ভেসে এসেছিল এক কিশোরীর পচাগলা মৃতদেহ। স্থানীয় সংবাদপত্রে ছবি দেখে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল এক নিখোঁজ তরুণীর পরিবার। পুলিশ তাঁদের জানিয়েছিল, মৃতদেহ দাহ করা হয়ে গিয়েছে। ফলে ওই নিখোঁজ তরুণীর পরিবারের সদস্যরা ভেবেছিলেন, তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। কিন্তু না, অবশেষে তাঁদের সেই ভুল ভাঙল। দীর্ঘ নয় বছর পর সেই নিখোঁজ মেয়ের খোঁজ পেল পরিবার। তাঁরা জানতে পারেন, বর্তমানে ওই তরুণী জয়পুর থানার পার বাকসির চির নবীন হোমে আছেন। 

Advertisement

জানা যায়, ওই তরুণী ঝাড়খণ্ডের বাসিন্দা। হোমের তরফে ভিডিও কলের মাধ্যমে তরুণীকে তাঁর পরিবারের সদস্যদের দেখানো হয়। হোমের কর্তা তন্ময় সাউ বলেন, আজ, সোমবার পরিবারের লোকজনদের হোমে আসার কথা। তাঁরা তরুণীকে নিয়ে যাবেন। তরুণীকে তাঁর পরিবারের হাতে ফিরিয়ে দিতে পেরে আমাদেরও ভাল লা‌গছে। চির নবীন হোম সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ৮ নভেম্বর হাওড়া স্টেশন থেকে মূক ও বধীর ওই তরুণীকে উদ্ধার করেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা। তাঁকে এই হোমে নিয়ে আসা হয়। হোমের প্রশিক্ষকরা ইশারায় তাঁর নাম, পরিচয় জানার চেষ্টা করলেও সেটা সম্ভব হচ্ছিল না। তারপর থেকে তিনি ওই হোমে আছেন। হোমের এক সুপারিন্টেডেন্ট জানান, ইতিমধ্যে ওই তরুণী নাচ, ছবি আঁকা সহ বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠেছেন। সম্প্রতি আধার কার্ড তৈরির জন্য তাঁকে একটি আধার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর আধার কার্ড ও ঠিকানা কম্পিউটার স্ক্রিনে ফুটে ওঠে। এরপরের হোমের পক্ষ থেকে ঝাড়খণ্ডের ঘাড়সাওয়ান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা ওই ঠিকানায় যোগাযোগ করে এবং ঠিকানা সঠিক বলে জানায়। এরপরেই হোম কর্তৃপক্ষ ফুলসরি মাহাত নামে ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তাঁর মা ও দাদার সঙ্গে কথাও বলে। ভিডিও কলে ফুলসরিকে দেখে চিনতে পেরে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এরপরেই তরুণীকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়।