Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্যোগ ঝাড়গ্রামে

বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্যোগ ঝাড়গ্রামে
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলার কর্মবিনিয়োগ দপ্তর জেলার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের জন্য নানা উদ্যোগ নিচ্ছে। বিশেষভাবে সক্ষম যুবক ও যুবতীদের কর্মসংস্থানের জন্যেও এবার উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখানোর আবেদন জানানো হচ্ছে। এতে হাসপাতাল, ব্যাঙ্ক, লজিস্টিক, বিপিও ক্ষেত্রে কাজের সুবিধা মিলবে। 

Advertisement

ঝাড়গ্রাম কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক অরুণাভ দত্ত বলেন, জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। প্রতিকূলতার বাধা কাটিয়ে তাঁরা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন বলেই আমাদের আশা। বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীদের কর্মক্ষেত্রের প্রবেশের পথ এখনও সুগম নয়। পদে পদে বাধা।  স্কুল ও কলেজের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট হাতে থাকলেও অনেক ক্ষেত্রেই কাজের সুযোগ মেলে না। বিভিন্ন সংস্থাও বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীদের কাজে দিতে আগ্ৰহ প্রকাশ করেন না। বাবা-মায়েরাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় দিন কাটান। ঝাড়গ্ৰাম কর্মবিনিয়োগ কেন্দ্র ‘জব ড্রাইভ’ কর্মসূচিতে বিশেষভাবে সক্ষম যুবক-যুবতীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। পর্যটন, ফিন্যান্স, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেকার যুবক-যুবতীরা কাজের সুযোগ পাচ্ছেন। এছাড়াও কর্মবিনিয়োগ কেন্দ্রের অফিসে সরকারি চাকরির প্রস্তুতির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। জেলার প্রান্তিক এলাকার যুবক-যুবতীরা অনলাইন কোচিং ক্লাস করছেন। দপ্তরের অফিসে সরকারি চাকরির বইপত্রের লাইব্রেরি সদ্য খোলা হয়েছে। নতুন এই উদ্যোগে জেলার বিশেষ চাহিদা সম্পন্ন কর্মপ্রার্থীরাও কাজের সুযোগ পাবেন। আগামী ২২ এপ্রিল জব ড্রাইভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। হাসপাতাল, ব্যাঙ্ক, বিপিও, লজিস্টিকও শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের সুযোগ মিলবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম পাস হতে হবে। জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত  করা হলেই ইন্টারভিউয়ে ডাকা হবে। মানসিক বিশেষ সক্ষম যুবক-যুবতীরা এই জব ড্রাইভে নাম নথিভুক্ত করতে পারবেন না। 
জেলা কর্মবিনিয়োগ দপ্তরের এক আধিকারিক বলেন, একাধিক সংস্থার সঙ্গে নিয়োগ নিয়ে আমাদের আলোচনা চলছে। এ বিষয়ে ধারাবাহিক কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ সক্ষম যুবক-যুবতীদের জেলার এমপ্লয়মেন্ট এক্সেচেঞ্জে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা হচ্ছে। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক বলেন, জেলার কর্মবিনিয়োগ দপ্তর পাশে দাঁড়ানোয় নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ