Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রাম কর্ম বিনিয়োগ কেন্দ্রে হচ্ছে চাকরির পরীক্ষার বইপত্রের লাইব্রেরি

ঝাড়গ্রাম কর্ম বিনিয়োগ কেন্দ্রে হচ্ছে চাকরির পরীক্ষার বইপত্রের লাইব্রেরি
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে বেকার যুবক ও যুবতীদের কাজের দিশা দেখাচ্ছে কর্ম বিনিয়োগ কেন্দ্র। ওই কেন্দ্রে চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি স্বনিযুক্তি প্রকল্পের শিবিরও করা হয়। সেই কর্ম বিনিয়োগ কেন্দ্রে এবার কেরিয়ার গাইড বইয়ের লাইব্রেরি তৈরি হচ্ছে। জেলার যুবক যুবতীরা লাইব্রেরিতে  বসে পড়াশোনা করতে পারবেন।জেলার কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারিক অরুণাভ দত্ত বলেন, দপ্তরের অফিসে জেলার যুবক যুবতীদের চাকরি পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। অনলাইনে ক্লাসও শুরু হয়েছে। এবার কেরিয়ার গাইড সংক্রান্ত লাইব্রেরি গড়ে তোলা হচ্ছে। কর্মপ্রার্থী যুবক যুবতীরা এসে পড়াশোনা করতে পারবেন। উত্তরণের লক্ষপূরণে আমাদের দিক থেকে সবরকম সহযোগিতা করা হচ্ছে। সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য পড়াশোনার প্রয়োজন। তারজন্য প্রয়োজন বই ও গাইডেন্স। রাজ্যের প্রান্তিক এই জেলার স্নাতকোত্তীর্ণ যুবক যুবতীদের একাংশের পরীক্ষা সংক্রান্ত দামী বইপত্র কেনার ও নামী কোচিং সেন্টার ভর্তি হওয়ার সামর্থ্য নেই। আর্থিক সঙ্গতির কারণে প্রতিযোগিতার দৌড়ে তারা অনেকেই পিছিয়ে পড়ছে। বিষয়টি মাথায় রেখে জেলার কর্ম বিনিয়োগ দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে। দপ্তরের অফিসে চাকরি পরীক্ষার নিয়মিত প্রশিক্ষণ শিবির হচ্ছে। দপ্তরের উদ্যোগে এবার কেরিয়ার গাইড সংক্রান্ত বইপত্রের লাইব্রেরি গড়ে তোলা হচ্ছে। এই লাইব্রেরি ব্যবহারে টাকা লাগবে না। জেলার কর্ম বিনিয়োগ দপ্তরের এক আধিকারিক বলেন, দপ্তরের অফিসে সরকারি চাকরির প্রস্তুতি শিবির করা হয়। সেই সঙ্গে নানা ধরনের স্বনির্ভর প্রকল্পের প্রশিক্ষণ শিবির নিয়মিত করা হচ্ছে। চাকরির প্রস্তুতি শিবিরে অংশগ্রহণে যুবক যুবতীদের উৎসাহও বাড়ছে। সেইরকম প্রশিক্ষণ শিবির চালাতে গিয়ে নজরে আসে যে, যুবক ও যুবতীদের অধিকাংশের দামি বইপত্র কেনার সামর্থ্য নেই। বিষয়টি মাথায় রেখেই এই লাইব্রেরি গড়ে তোলা হচ্ছে। শুধুমাত্র চাকরি সংক্রান্ত পরীক্ষার বইপত্রই এই লাইব্রেরিতে পাওয়া যাবে। 

Advertisement

বেলপাহাড়ী ঝাঁটিয়ারা এলাকার যুবক সৌরভ মুর্মু ফোনে বলেন, আমার আর্থিক সামর্থ্য ছিল না নামী কোনও কোচিং সেন্টার পড়ে চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার। দিশাহীন হয়ে পড়েছিলাম। তারপরেই জানতে পারি ঝাড়গ্রাম কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসে বিনামূল্যে চাকরি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। সেখানে প্রশিক্ষণ নিয়ে কলকাতা পুলিসের কনস্টেবল পদে চাকরি পাই। প্রস্তুতির সময়ে দপ্তরের স্যাররাই আমাকে বইপত্র জোগাড় করে দিতেন। লাইব্রেরি হওয়ার খবর পেয়েছি। এতে আমার মতো জেলার বহু যুবক যুবতী বিশেষত আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েদের লক্ষ্যপূরণের পথ সহজ হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ