সংবাদদাতা, ঝাড়গ্রাম: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। ঝাড়গ্রামের জঙ্গল অধ্যুষিত এলাকায় পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যেতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। ঝাড়গ্রাম জেলাজুড়ে জঙ্গলপথগুলিতে বনবিভাগের বিশেষ নজরদারি থাকবে। বিশেষ প্রশিক্ষিত হুলা টিমের বন্দোবস্ত রাখা হয়েছে। কারণ আচমকা হাতির উপদ্রব শুরু হলে সেখানে যাতে চটজলদি বনকর্মীরা পৌঁছে যেতে পারেন, তার জন্য গাড়ি মজুত রাখা হয়েছে।
খড়্গপুরের ডিএফও মণীশ যাদব বলেন, অন্য বছরের মতো এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জঙ্গলপথে পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াত করে যাতে পরীক্ষা দিতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। খড়্গপুর ডিভিশনের কলাইকুণ্ডা রেঞ্জের অধীন ঝাড়গ্রামের সাঁকরাইলে এই মুহূর্তে ৪০টি হাতির দল অবস্থান করছে। সাঁকরাইল ও নয়াগ্রাম এলাকার জঙ্গল অধ্যুষিত রাস্তার ৩০টিরও বেশি জায়গায় এই বিশেষ নজরদারির বন্দোবস্ত রাখা হয়েছে। অন্যদিকে, ঝাড়গ্রাম ডিভিশন এলাকায় এই সময় হাতির সংখ্যা খুবই কম। এই ডিভিশনের বিভিন্ন এলাকায় মোট ১৪টি হাতি অবস্থান করছে। তবুও ঝাড়গ্রামের বিভিন্ন জঙ্গলপথে বনবিভাগের বিশেষ নিরাপত্তা থাকবে বলে জানা গিয়েছে।
এবারে ঝাড়গ্রাম জেলায় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষায় বসবেন ৯,১৪৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪,২৬০ ও ছাত্রী ৪,৮৮৯ জন। গত বছরের তুলনায় এবারে জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২২ জন বেশি। এই সেমেস্টার পরীক্ষার জন্য জেলায় মূল কেন্দ্র থাকছে ১৯টি ও সাব ভেনু থাকছে ৮টি। পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে। ওএমআর শিটে পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ ১ ঘণ্টা ১৫ মিনিট। ভিজুয়াল আর্ট, মিউজিক ও ভোকেশনাল বিষয়গুলিতে ৪৫ মিনিটের পরীক্ষা হবে। এই প্রথম রাজ্যে এই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক হচ্ছে। বেলা ১০ থেকে শুরু পরীক্ষা। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগেই পরীক্ষার্থীদের স্কুলে উপস্থিত হতে হবে। এর আগে দেখা গিয়েছে, রাতারাতি হাতির দল বিক্ষিপ্তভাবে তাদের জঙ্গলের অবস্থান বদলায়। সেজন্য হাতি অধ্যুষিত এলাকায় আগাম বনবিভাগ থেকে বিশেষ নজরদারি ও নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে। এই নিয়ে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমামকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোনও উত্তর দেননি।