Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁকিনাড়ায় আত্মঘাতী ঝালমুড়ি বিক্রেতা, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে চিন্তায় পরিবার

কাঁকিনাড়ায় আত্মঘাতী হলেন ঝালমুড়ি বিক্রেতা কার্তিক সাউ। স্ত্রীর ক্যান্সার চিকিৎসার চিন্তায় পরিবার বিপদে। বিস্তারিত পড়ুন।

কাঁকিনাড়ায় আত্মঘাতী ঝালমুড়ি বিক্রেতা, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে চিন্তায় পরিবার
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রেল হকার কার্তিক সাউ এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মঘাতী হওয়ায় বিরাট বিপদে পড়েছে তাঁর পরিবার। তাঁর স্ত্রী লছমিদেবী ক্যান্সারে আক্রান্ত। ছেলে রাহুল একটি ভাড়ার গাড়ি চালান। কার্তিকবাবুই এক্সপ্রেস ট্রেনে ঝালমুড়ি বিক্রি করে শুধু সংসার চালাতেন না, স্ত্রীর চিকিৎসার খরচও চালাতেন। এবার লছমিদেবীর চিকিৎসা কীভাবে চলবে, সে কথা ভেবেই আকুল তাঁর পরিবার।

Advertisement

ঝালমুড়ি বিক্রেতা কার্তিক সাউয়ের মৃত্যুতে কাঁকিনাড়ার ফিঙ্গাপাড়া এলাকায় রীতিমতো শোকের পরিবেশ। তাঁদের বাড়ির সামনে সকলেই ভিড় করছেন। কিন্তু মৃতের স্ত্রী এবং ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না তাঁরা। আর বারেবারেই কান্নায় ভেঙে পড়ছেন লছমিদেবী। তার ক্যান্সারের চিকিৎসা এবার কীভাবে হবে, সেটাই বারবার বলে যাচ্ছেন তিনি। এদিকে, সোমবার দুপুরে তাঁর বাড়িতে গিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সিটু নেতৃত্ব। এদিন মৃত ঝালমুড়ি বিক্রেতার স্ত্রী ও ছেলের সঙ্গে দেখা করে সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় জানান, ডবল ইঞ্জিন সরকারের সিদ্ধান্তের জন্য আত্মঘাতী হলেন এক হকার। মেল বা এক্সপ্রেস ট্রেনে হকারি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে পয়লা জুলাই থেকে। তার আগে থেকেই জিআরপি হকারদের ট্রেনে উঠতে দিচ্ছে না। বাধা পেয়ে এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন কার্তিকবাবু। এই নিয়ে প্রায় চারজন হকার আত্মঘাতী হলেন। পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সবরকম ভাবে চেষ্টা করছি। সেই সঙ্গে ডবল ইঞ্জিন সরকারকে মানবিক দৃষ্টিতে হকারদের বিষয়টি দেখার অনুরোধ করছি। পাশাপাশি বিস্তারিত খোঁজখবর নিয়ে ডিআরএমের কাছে দরবার করবে বলে এক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখে ঝালমুড়িকে প্রচারের আলোয় নিয়ে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ট্রাজেডি হল, ভোটের পরে তাঁর ডবল ইঞ্জিন সরকারের নীতির জন্য এক ঝালমুড়ি বিক্রেতাকেই আত্মঘাতী হতে হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ